শিগগিরই চীন ছাড়ছেন চেন
চীনের ভিন্নমতাবলম্বী নেতা চেন গুয়াংজেং (৪০) শিগগিরই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়তে পারেন। তাঁর একজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, চেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন।এর আগে ভিন্নমতাবলম্বী এই নেতাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে বেইজিং এবং ওয়াশিংটনের কূটনীতিক পর্যায়ে সমঝোতা হয়। চেনের বন্ধু যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জেরোম চোয়েন গত শনিবার রাতে টেলিফোনে বার্তা সংস্থাকে বলেন, ‘তিনি সম্ভবত যুক্তরাষ্ট্র আসছেন। শিগগিরই তিনি আসতে পারেন।’ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘চেনের বিষয়টি এখন মীমাংসিত। শুক্রবার বিকেলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘোষণা দেখে আমি খুব উৎফুল্ল। ওই ঘোষণার মধ্যে পরিষ্কার ইঙ্গিত ছিল, কর্তৃপক্ষ চেনকে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’এর আগে গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, চেন চাইলে দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার ব্যাপারে আবেদন করতে পারবেন। একই দিন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চেনকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার আমন্ত্রণ জানানো হয়েছে।বেইজিংয়ে মার্কিন দূতাবাস ছেড়ে বুধবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন চেন। এখনো তিনি ওই হাসপাতালে আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এএফপি।