শিগগিরই জাতিসংঘে ফিলিস্তিনের পতাকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সদর দপ্তরে শিগগিরই উড়তে পারে ফিলিস্তিনের পতাকা। তবে এর জোর বিরোধিতায় নেমেছে ইসরায়েল। জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত গত মঙ্গলবার এক চিঠিতে বলেছেন, এটি ‘ফিলিস্তিনের জাতিসংঘকে ঘৃণ্যভাবে অপব্যবহার করার আরেক নজির’। খবর রয়টার্সের।
বর্তমানে কেবল সদস্যরাষ্ট্রগুলোর পতাকাই নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ওড়ানো হয়ে থাকে। ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ ২০১২ সালে ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়। তবে ফিলিস্তিনিদের জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। এখনো ফিলিস্তিনকে অসদস্যরাষ্ট্র হিসেবেই দেখা হয়ে থাকে।
তবে দুই অসদস্যরাষ্ট্র ফিলিস্তিন ও ভ্যাটিকানের পতাকা শিগগিরই জাতিসংঘের সদর দপ্তরে ওড়ানো হতে পারে। ১০ সেপ্টেম্বর সাধারণ পরিষদে এ-সংক্রান্ত একটি প্রস্তাবের ওপরে ভোটাভুটি হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটি পাস হলে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর পতাকাও জাতিসংঘ সদর দপ্তরে উড়বে। প্রস্তাবটিতে ফিলিস্তিন ও ভ্যাটিকান উভয়ের পতাকাই ওড়ানোর কথা বলা হয়েছে।