যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে লামিস ওমর নামে সিরীয় এক নারী চলতি বছরের সেপ্টেম্বরে পিএইচডি ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন। ওই নারীর সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক আছে।সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের সিরিয়া বিষয়ে প্রকাশিত গোপন ই-মেইলে এই তথ্য পাওয়া গেছে। ওই ই-মেইলের বরাত দিয়ে ডেইলি মেইল এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, প্রায় ৩০ বছর বয়সী লামিস ওমরের পিএইচডি গবেষণার বিষয় ইংরেজ কবি ও নাট্যকার শেকসপিয়ার। তিনি বাশার আল-আসাদ সরকারের প্রেসিডেনশিয়াল-বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করছেন। প্রেসিডেন্টের বক্তব্য ইংরেজিতে অনুবাদ করাই তাঁর কাজ।উইকিলিকসের প্রকাশিত গোপন ই-মেইলের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, বাশার আল-আসাদের সঙ্গে ওই নারীর আট শতাধিক ই-মেইল আদান-প্রদান হয়েছে। এর মধ্যে একটি ই-মেইলে থাকা একটি ছবিতে আভাস পাওয়া যায়, বাশার আল আসাদ ও লামিসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ই-মেইলে দেখা যায়, লামিসের জন্য বাশার উপহার কিনেছেন। বিভিন্ন ই-মেইলে লামিস বাশারকে ভালোবাসেন বলে বারবার উল্লেখ করেছেন।ই-মেইলে লামিস দাবি করেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁর এই ডিগ্রি অর্জনের খরচ বহন করছেন। আইএএনএস।