শিগগিরই পারমাণবিক খাতে বড় সাফল্যের ঘোষণা দেবে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, কয়েক দিনের মধ্যেই তাঁর দেশ পারমাণবিক ক্ষেত্রে ‘খুবই গুরুত্বপূর্ণ’ এক অর্জনের ঘোষণা দেবে। ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৩৩তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শনিবার তেহরানে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন আহমাদিনেজাদ। বিপ্লবের বর্ষপূর্তি পালনে গতকাল ইরানে দেশজুড়ে রাষ্ট্রীয়ভাবে শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে ইরানের পতাকা ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে হাজার হাজার লোক অংশ নেয়।তেহরানের আজাদি চত্বরে আয়োজিত সমাবেশে আহমাদিনেজাদ ঘোষণা দেন, ‘আগামী দিনগুলোতে বিশ্ব পারমাণবিক খাতে ইরানের খুবই গুরুত্বপূর্ণ ও বড় ধরনের সাফল্যের ঘোষণা শুনতে পাবে।’ আহমাদিনেজাদ এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইতিমধ্যেই বলেছে, পাহাড়ি এলাকায় ভূগর্ভস্থ একটি কেন্দ্রে ইরান ইউরেনিয়াম ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করছে। এই মাত্রা সামরিক-গ্রেডের ৯০ শতাংশ বিশুদ্ধতার বেশ কাছাকাছি পর্যায়ের। এ ছাড়া ইরানের কর্মকর্তারা বলেছেন, আগামী মার্চের মধ্যে তাঁরা তেহরানের একটি গবেষণা চুল্লিতে প্রথম দেশে নির্মিত ২০ শতাংশ সমৃদ্ধ জ্বালানি পাত লাগাবেন।পারমাণবিক কর্মসূচির জন্য সম্ভাব্য হামলার হুমকি নাকচ করে দিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ কখনোই অবরোধ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার হুমকির কাছে মাথা নত করবে না।পারমাণবিক ক্ষেত্রে ইরানের কর্মকাণ্ডে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলে উদ্বেগ বেড়েছে। তাদের সন্দেহ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির গবেষণা চালাচ্ছে। ইরান অভিযোগ অস্বীকার করে আসছে।মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের গাজায় হামাসদলীয় প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া। তিনি বলেন, হামাস ইসরায়েলকে কখনো স্বীকৃতি দেবে না। তাঁর এই বক্তব্য প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীর সঙ্গে ঐকমত্যের ফিলিস্তিন সরকার গঠন বাধাগ্রস্ত করবে বলে মনে করা হচ্ছে। এএফপি ও রয়টার্স।