দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সেখান থেকে তাঁকে বাসায় নেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি গত শনিবার এ কথা জানান। ফুসফুসে সংক্রমণের কারণে গত ৮ জুন প্রিটোরিয়ার মেডি ক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি করা হয় ম্যান্ডেলাকে। এর পর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।
থাবো এমবেকি শনিবার প্রিটোরিয়ায় একটি বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তিনি জানান, ম্যান্ডেলাকে শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। এমবেকি বলেন, ম্যান্ডেলার চিকিৎসায় মেডিক্লিনিক হার্ট হাসপাতালের চিকিৎসকেরা অসাধারণ কাজ করেছেন। এর আগে গত শুক্রবার ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল জানান, ম্যান্ডেলার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। সপ্তাহ খানেক আগেও তিনি ম্যান্ডেলাকে নিয়ে যে সংশয়ে ছিলেন, সেই সংশয় অনেকটাই কেটে গেছে। দি ইনডিপেনডেন্ট।