শিবির ছাড়তে শুরু করেছে মাওবাদী শিশু-সৈনিকেরা
আগামী মাসের মধ্যে নেপালের বিভিন্ন শিবিরে আটক ‘মাওবাদী’ শিশু-সৈনিকদের মুক্তি দিতে শুরু করেছে সে দেশের সরকার। গতকাল বৃহস্পতিবার প্রাথমিকভাবে প্রায় ২০০ শিশুকে মুক্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এক মাসের মধ্যে আটক সব শিশু-সৈনিককে মুক্তি দেওয়া হবে। ২০০৬ সালে স্বাক্ষরিত হওয়া শান্তিচুক্তির অংশ হিসেবে মাওবাদী শিশু-সৈনিকদের মুক্তি দেওয়া হচ্ছে। তবে দীর্ঘদিন শিবিরে আটক থেকে মুক্তি পাওয়ার পর এসব শিশুর ভবিষ্যত্ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। খবর এএফপি ও বিবিসির। রাজধানী কাঠমান্ডুর মধ্যাঞ্চল সিন্ধুলিতে অবস্থিত একটি শিবির থেকে গতকাল আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ মাওবাদী শিশু-সৈনিককে মুক্তি দেওয়া হয়। এ সময় তাদের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পোশাকের বদলে বেসামরিক পোশাক দেওয়া হয়। শিবির থেকে মুক্তি পাওয়ার পর শিশুরা নিজ নিজ বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করে।নেপালে মোট সাতটি শিবিরে অন্তত ২৪ হাজার মাওবাদী বিদ্রোহী রয়েছে। জাতিসংঘ এসব শিবির তত্ত্বাবধান করছে। শিবিরে আটক মাওবাদীদের মধ্যে ১৮ বছরের কম বয়সী সৈনিক রয়েছে প্রায় তিন হাজার। কাঠমান্ডু থেকে ১২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুধাউলির অপর একটি শিবিরের ডেপুটি কমান্ডার গোপাল পান্ডে বলেন, ‘মুক্তির খবরে এখানকার শিশু সৈনিকেরা বিমর্ষ হয়ে পড়েছে। তবে তারা এটাও বুঝতে পারছে যে, শান্তি প্রক্রিয়া টিকিয়ে রাখতে হলে শিবির ছেড়ে যেতেই হবে তাদের।’নেপালের শান্তি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, অনেক প্রতীক্ষার পর অবশেষে মাওবাদী শিশু-সৈনিকদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের শান্তি প্রক্রিয়ার পথে এটা একটা মাইলফলক।