শিরশ্ছেদকারীকে খুঁজে বের করা হবেই: ক্যামেরন

ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইন্সের শিরশ্ছেদকারীকে খুঁজে বের করা হবেই বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নিহত ডেভিড হেইন্সকে ‘ব্রিটিশ হিরো’ হিসেবে আখ্যায়িত করে ক্যামেরন বলেন, যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, সম্প্রতি প্রকাশিত ভিডিও বার্তায় ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিডের শিরশ্ছেদ করার দাবি করে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। ‘যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি বার্তা’ শিরোনামের ওই ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক ব্যক্তি হেইন্সের শিরশ্ছেদ করছেন।
স্কটল্যান্ডে জন্ম নেওয়া হেইন্স ২০১৩ সালের মার্চ মাসে সিরিয়ায় অপহৃত হন। তিনি একটি আন্তর্জাতিক ত্রাণ সহায়তাকারী প্রতিষ্ঠানে কাজ করতেন।
এ নিয়ে তৃতীয় শিরশ্ছেদের ঘটনা ঘটাল আইএস জঙ্গিরা। এর আগে দুই মার্কিন সাংবাদিক জেমস ফলি ও স্টিভেন সটলফের শিরশ্ছেদ করা হয়।
এ পরিস্থিতিতে আজ যুক্তরাজ্যের জরুরি কমিটি কোবরা এক বৈঠক করে। বৈঠক শেষে এ হত্যাকাণ্ডকে ‘ঘৃণ্য’ উল্লেখ করে ক্যামেরন বলেন, ‘হত্যাকারীদের খুঁজে বের করতে আমরা আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু করা সম্ভব, তার সবই করব এবং ন্যায় বিচার নিশ্চিত করব। এত যতই সময় লাগুক না কেন।’ আইএস জঙ্গিদের করা উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁরা মুসলিম নয়, তাঁরা দানব।’
আইএস জঙ্গিদের মোকাবিলায় কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডেভিড ক্যামেরন। এর মধ্যে অন্যতম হলো সব দলের সমন্বয়ে গঠিত ইরাক সরকারের সঙ্গে একযোগে কাজ করবে যুক্তরাজ্য। এ ছাড়া কুর্দি আঞ্চলিক সরকারকে সমর্থন দিয়ে যাবে ক্যামরেন সরকার। এরই মধ্যে কুর্দি যোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে দেশটি। আইএসকে দমাতে বৃহত্তর সমর্থন তৈরি করতে জাতিসংঘের ভেতরে কাজ করবে তারা। যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে সমর্থন দিয়ে যাবে ইত্যাদি।