শিরাকের দুই বছরের দণ্ড, তবে সাজা ভোগ করতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক। প্যারিসের একটি আদালত গতকাল বৃহস্পতিবার তাঁকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। তবে তাঁকে কারাগারে যেতে হবে না।আদালতের রায়ে বলা হয়, ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্যারিসের মেয়র থাকাকালে অবৈধ প্রভাব খাটানো, বিশ্বাসভঙ্গ এবং সরকারি অর্থ আত্মসাতের দায়ে তিনি আদালতে দোষী সাব্যস্ত হন। এ জন্য তাঁকে মুলতবি (সাসপেন্ডেড) দণ্ড দেওয়া হলো।গত ৬৫ বছরের মধ্যে ফরাসি কোনো রাষ্ট্রনায়ক এই প্রথম আদালতে দোষী সাব্যস্ত হলেন। এর আগে ১৯৪৫ সালে নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ্পে পাঁতেইন দোষী সাব্যস্ত হন। স্বাস্থ্যগত কারণে শিরাক গতকাল আদালতে হাজির হতে পারেননি। তবে তিনি বরাবরই তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন।শিরাকের ব্যক্তিগত চিকিৎসক জানান, তিনি স্নায়ুরোগে ভুগছেন। প্রয়োজন ছাড়া তিনি জনসমক্ষে বের হন না। বর্তমানে আদালতে হাজির হওয়ার মতো তাঁর অবস্থা নেই। এ রায়ের মধ্য দিয়ে শিরাকের বিচার নিয়ে যে দীর্ঘ নাটকীয়তার সৃষ্টি হয়েছিল, তার অবসান হয়েছে। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলেও শিরাক ছিলেন ফ্রান্সের অন্যতম জনপ্রিয় নেতা। গতকাল শিরাকের বিরুদ্ধে রায় ঘোষণায় অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ সরকারি কৌঁসুলিরাও তাঁকে এ মামলা থেকে খালাস দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন। ফরাসি জনগণও সচেতনভাবে তাঁর ওই দুর্নীতির বিষয়টি এড়িয়ে যেত।শিরাকসহ মোট নয়জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার করা হয়। এর মধ্যে দুজনকে নির্দোষ ঘোষণা করা হয়। বাকি আসামিদের শিরাককে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এএফপি ও রয়টার্স।