শিল্পী খালেদ চৌধুরির জীবনাবসান

ভারতের প্রখ্যাত মঞ্চনির্দেশক, শিল্পী ও গায়ক খালেদ চৌধুরি মারা গেছেন। আজ বুধবার ভোররাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। অকৃতদার এই মানুষটির বহুমুখী প্রতিভা ছিল। বাংলা ও হিন্দি থিয়েটারে মঞ্চ নির্দেশনার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি।
খালেদা চৌধুরীর জন্ম ১৯১৯ সালের ২০ ডিসেম্বর আসামের করিমগঞ্জে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবার ‘অত্যাচারে অতিষ্ঠ’ হয়ে তিনি সিলেট শহরে আশ্রয় নিয়েছিলেন। তাঁর প্রথম নাম চিরকুমার দেওয়া হলেও বাবা নাম পাল্টে রেখেছিলেন চিররঞ্জন দত্ত চৌধুরি। পরে তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন খালেদ চৌধুরি।
সিলেটে থাকার সময় কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখার সংস্পর্শে আসেন খালেদ চৌধুরি। এ সময় তিনি শুধু পোস্টার বা হোর্ডিং আঁকাই নয়, মঞ্চে উঠে হেমাঙ্গ বিশ্বাস, নির্মলেন্দু চৌধুরিদের পাশাপাশি গানও গাইতেন। তাঁদেরই চেষ্টায় শিল্প শিক্ষার জন্য ১৯৪৫ সালে চলে এসেছিলেন কলকাতায়। ভর্তি হয়েছিলেন আর্ট স্কুলে। প্রখ্যাত শিল্পী জয়নুল আবেদিনের কাছে তিনি শিল্প শিক্ষায় তালিম নেওয়া শুরু করলেও ১৯৪৬ সালের দাঙ্গার পর জয়নুল ঢাকায় চলে যাওয়ায় সেই সুযোগ আর তাঁর ঘটেনি। তবে গণনাট্য সংঘে যুক্ত হয়ে শিল্পের নানা শাখায় তিনি কাজ শুরু করেছিলেন। এরপর শম্ভু মিত্র বহুরূপী প্রতিষ্ঠা করলে তিনি মঞ্চ নির্দেশনার কাজে যুক্ত হন। তার পর থেকে তিনি বহুরূপীর সব নাটকেরই মঞ্চ নির্দেশনার কাজ করেছেন।
সারা জীবনে বাংলা ও হিন্দি অসংখ্য নাটকের মঞ্চ নির্দেশনা এবং কিছু ক্ষেত্রে সংগীত পরিচালনার কাজও করেছেন খালেদ চৌধুরি। তাঁর প্রতিটি কাজেই ছিল প্রতিভার স্বাক্ষর। তিনি জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তাঁর আঁকার ঝোঁক ছিল প্রবল। সেই সঙ্গে গানের প্রতিও ছিল তাঁর আকর্ষণ।
মঞ্চ নির্দেশনার পাশাপাশি খালেদ চৌধুরি ছবি আঁকার কাজও চালিয়ে গেছেন। বাংলা বইয়ের প্রচ্ছদ আঁকিয়ে হিসেবে তিনি সত্যজিত্ রায়, মাখন দত্তগুপ্ত, সূর্য্য রায়দের সমগোত্রীয় হয়ে উঠেছিলেন।
প্রায় দেড় হাজার বইয়ের প্রচ্ছদ এঁকেছেন খালেদ চৌধুরি। আর সংগীতের প্রতি প্রবল টানে তিনি মাঠঘাটে ঘুরে সংগ্রহ করেছিলেন কয়েক হাজার লোকসংগীত। লোকসংগীত ও ফোকলোর নিয়ে গবেষণার জন্য তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে গড়ে তুলেছিলেন একটি গবেষণা প্রতিষ্ঠানও। তিনি অবশ্য তাঁর বিশাল লোকসংগীতের সংগ্রহকে দান করে গেছেন। সিনেমার সঙ্গে যুক্ত হতে একদম পছন্দ করেননি তিনি। তবে ঋত্বিক ঘটকের অনুরোধে বাড়ি থেকে পালিয়ে ও সুবর্ণরেখার প্রচারের কাজের জন্য ডিজাইন করা ছাড়াও মৃণাল সেনের কোরাস ছবির জন্য একটি ক্যাসল তৈরি করে দিয়েছিলেন খালেদ চৌধুরি।
খালেদ চৌধুরী অসংখ্য শিল্পসম্বন্ধীয় প্রবন্ধ লিখেছেন। তাঁর লেখা বইগুলো হলো থিয়েটারে শিল্পভাবনা, লোকসংগীতের প্রাসঙ্গিকতা ও অন্যান্য প্রবন্ধ এবং স্মৃতির সরণি। ভারত সরকারের পদ্মভূষণ খেতাব ছাড়াও তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। ২০০০ সালে রবীন্দ্রভারতী এবং ২০০২ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডি-লিট সম্মান দিয়ে সম্মানিত করে। শেষ কয়েকটি বছর তিনি সব ধরনের কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন বার্ধ্যক্যজনিত অসুস্থতার জন্য।