শিশু কোলে রিকশাচালক বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলার সঙ্গে বিশেষ কায়দায় জড়ানো একটা থলে। এই থলেতে দুধের শিশুকে ঝুলিয়ে রিকশা চালান বাবলু জাতাভ (৩৮)। কন্যাশিশুটির বয়স মাত্র এক মাস। তাকে জন্মদানের পর পরই বাবলুর স্ত্রী মারা গেছেন। শিশুটিকে দেখাশোনা করার কেউ নেই। তাই মেয়েকে কাপড়ের ওই বিশেষ ব্যাগে ঝুলিয়েই বাবলুকে রিকশা চালাতে হচ্ছে। বাবলুর বাড়ি ভারতের রাজস্থান রাজ্যের ভারতপুরে। গত ২০ সেপ্টেম্বর বাবলু জাতাভের স্ত্রী শান্তি দেবী সন্তান জন্মের পর পরই মারা যান। বাচ্চাটির দেখাশোনার জন্য বাবলু দূরসম্পর্কীয় আত্মীয়দের অনেক অনুরোধ করেছিলেন। কিন্তু রাজি হয়নি কেউ। ঘর ভাড়ার পাশাপাশি অসুস্থ বাবার ওষুধ ও সদ্যোজাত শিশুর দুধের খরচ জোগাড় করতে রোজগারে বেরোতেই হলো নিরুপায় বাবলুকে। তবে একা নয়, কাপড়ের থলেতে সন্তানকে ভরে তাকে নিয়ে রিকশা চালাতে শুরু করেন তিনি। বাবলু জাতাভ বলেন, ‘বাবার হাঁপানির অসুখ। বাবা ও বাচ্চা দুজনের দেখাশোনা করতে হয় আমাকেই। বাচ্চা কোলে নিয়ে রিকশা চালাচ্ছি। লোকে নানা কথা বলছে। কিন্তু কেউ কোনো সাহায্য করেনি। তাই আমিও তাদের কথার ধার ধারি না।’বাবলু বলেন, ‘আমাদের বিয়ের ১৫ বছর পর এই সন্তান হয়েছে। আমার স্ত্রী সন্তানের জন্মে খুব খুশি হয়েছিল। কিন্তু কষ্টের বিষয়, বেচারি মারা গেছে।’ বাবলু জানায়, কাজে নিয়ে যাওয়ার ফলে শিশুটির স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে। গত মঙ্গলবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার পানিশূন্যতা দেখা দিয়েছে।বাবলু জানান, মাসে ৫০০ রুপি বাসা ভাড়া দিতে হয় তাঁকে। দিনে রিকশার ভাড়া দিতে হয় ৩০ রুপি। সংসারের খরচ ও বাচ্চার দুধের খরচ তো আছেই। এই অর্থ জোগাড়ে তাঁকে কঠিন সংগ্রাম করতে হচ্ছে। বাবলু জানান, তিনি আবার বিয়ে করতে চান না। তাঁর প্রধান কাজ হলো, এই সন্তানকে বড় করা।বাবলুর এই করুণ অবস্থার কথা প্রথম প্রকাশিত হয় গত মঙ্গলবার বিবিসির হিন্দি ওয়েবসাইটে। এরপর থেকেই ভারত এবং ভারতের বাইরে থেকে অনেকেই তাঁকে সাহায্য করতে চাচ্ছেন। গতকাল শুক্রবার ভারতপুরের একটি বেসরকারি সংস্থা শিশুটির লালন-পালনে বাবলুকে সাহায্য করবে বলে জানিয়েছে। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।