শিশু ধর্ষণের ঘটনায় অভিভাবকদের স্কুল বর্জন
প্রতিদিনের মতো গত ২ জুলাই বেঙ্গালুরুর ভাইবগিওড় স্কুলে ক্লাস চলছিল। সকাল সাড়ে ১১টার দিকে দুষ্টুমি করার জন্য শিক্ষক ছয় বছরের একটি মেয়েকে ক্লাস ছেড়ে চলে যেতে বলেন। শাস্তি হিসেবে স্কুলের একটি ফাঁকা ভাঁড়ার কক্ষে (শরীরচর্চার জিনিসপত্র রাখার ঘর )তাকে দাঁড়িয়ে থাকতে বলা হয়।
এনডিটিভির খবরে জানানো হয়, অনেকক্ষণ শিশুটি সেখান থেকে ক্লাসে ফেরেনি। প্রায় ২৫ মিনিট পরে সে ফিরে আসে। এ সময় তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। কিছুটা অস্বাভাবিকও ছিল সে। ঘণ্টা খানেক পর থেকেই শিশুটির ভয়ানক পেটব্যথা শুরু হয়। তখন কেউ বুঝতে পারেনি শিশুটির একটি ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। ওই দিনের পর থেকে শিশুটির পেটে ব্যথা হতে থাকে। কয়েকদিনের মধ্যে তার মা তাকে একটি বেসরকারি চিকিত্সাকেন্দ্রে নিয়ে যান। চিকিত্সকেরা জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। দেরি না করে শিশুটির মা-বাবা পুলিশের কাছে যান।
এ ঘটনার পরে গত বৃহস্পতিবার থেকে ওই স্কুলগামী ছেলে-মেয়েদের অভিভাবকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা ওই স্কুল বর্জন করেছেন।
অভিভাবকদের দাবি, যতদিন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ স্কুলে থাকাকালীন শিশুদের নিরাপত্তা লিখিতভাবে নিশ্চিত না করবে, ততদিন পর্যন্ত তারা ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন না। একই সঙ্গে অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশের তদন্তে স্কুলটির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। শিশুটির মা, বাবা জানতে চেয়েছেন, কেন ওই ছোট শিশুকে ফাঁকা ঘরে বন্দী করে রাখা হলো?
স্কুলের কর্তৃপক্ষের দাবি, শিশুটি বাথরুমে যেতে ক্লাস ছেড়ে গিয়েছিল। অভিভাবকদের প্রশ্ন যদি তাই হয়, তাহলে শিশুটির দীর্ঘ অনুপস্থিতিতে শিক্ষক তার খোঁজ নিলেন না কেন?
স্কুলটির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হলো যে ধর্ষণের ঘটনাটি তারা ধামাচাপা দিতে চেয়েছে। পুলিশ স্কুলে গেলে কর্তৃপক্ষ অভিভাবকদের জানায় যে চুরির ঘটনা ঘটেছে। পরে পত্রিকা পড়ে অভিভাবকেরা ধর্ষণের বিষয়টি জানতে পারেন।
বিক্ষোভের মুখে স্কুলের চেয়ারম্যান রুস্তম কেরাওয়ালা অভিভাবকদের আশ্বস্ত করেন, তারা ধর্ষণের ঘটনার জন্য দায়ী স্কুলের কর্মকর্তার ব্যাপারে খোঁজ নেবেন। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। তিনি অভিভাবকদের কাছে এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। তবে মূল অপরাধীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। ওই স্কুলে ৪৭ জন পুরুষ শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে সাঁতার, নাচ শেখান শিশুদের। কয়েকজন অভিভাবকের অভিযোগ, দুজন শরীরচর্চার শিক্ষক এ ধরনের আচরণ করতে পারেন। এর আগে তাঁরা ছাত্রীদের ছবিও তুলেছেন।
গতকাল বৃহস্পতিবার স্কুলের সামনে বিক্ষোভরত অভিভাবক লাথা বলেন, ‘আমি আমার শিশুকে নিয়ে উদ্বিগ্ন। সেও একই ক্লাসে পড়ে। তারা কেউই বলতে পারছে না আসলে কী ঘটেছিল।’
অনিতা মাখারিয়া নামে আরেক অভিভাবক বলেন, ‘লিখিতভাবে নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তাঁরা ওই স্কুলে শিশুদের পাঠাবেন না।’
মৈনাক কুমারের দুই মেয়েই ওই স্কুলে পড়ে। তিনি বলেন, ‘প্রথম থেকে স্কুল কর্তৃপক্ষের আচরণ সন্দেহজনক। যখন পুলিশ স্কুলে গেল, তখন তারা জানায় যে এটি চুরির মামলা। পরে পত্রিকা পড়ে আমরা জানতে পারি যে এটি ছিল ধর্ষণের অপরাধ।’
ভারতে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। ২০১২ সালে চলন্ত বাসে এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই অপরাধের শাস্তি হিসেবে সরকারকে জোরালো ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। ধর্ষণ বিরোধী আইন জোরদার ও ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার কথা বলা হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ২০১৩-এর হিসাব অনুযায়ী, ভারতে প্রতি ২১ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে।