শিশুটি বেশি কাঁদে বলে...

শিশুটি বেশি কাঁদে। বাবা-মাকে ঘুমাতে দেয় না। তাই নাড়িছেঁড়া এই ধন বাবা-মায়ের কাছে এখন উটকো আপদ। তাকে বিদায় করতে পারলেই যেন তাঁদের হাড় জুড়ায়। এ জন্য শিশুটিকে বিক্রির জন্য একটি ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছেন বাবা-মা। দাম ধরা হয়েছে ৪৩০ ডলার।
গতকাল বুধবার বার্তা সংস্থা পিটিআইয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। গত মঙ্গলবার বিজ্ঞাপনের একটি ওয়েবসাইটে শিশুটিকে বিক্রির বিজ্ঞাপন পোস্ট করা হয়।
বিজ্ঞাপনে নীল পোশাকের একটি শিশুর ছবি দেওয়া হয়। বিজ্ঞাপনের বিবরণে লেখা ছিল, ‘অনেক কাঁদে। আমাকে ঘুমাতে দেয় না। টিকে থাকার জন্য আমাকে কাজ করতে হয়।’
বিজ্ঞাপনটির বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। কর্মকর্তারা জানান, বিজ্ঞাপনটি কে পোস্ট করেছে, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে বিজ্ঞাপন দেওয়ার ঠিকানার অস্তিত্ব নেই। ফোন নম্বরটিরও সংযোগ নেই।
শর্ত ও নীতিমালা ভঙ্গের কারণে ওয়েবসাইট থেকে পরে বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়েছে। এ বিজ্ঞাপন পোস্টের দায় অস্বীকার করেছে ওয়েবসাইট কর্তৃপক্ষ।