শিশু ভেবে...
গাড়ির দরজা-জানালা সব বন্ধ। প্রচণ্ড গরমের মধ্যে গাড়ির ভেতরে ঘুমিয়ে রয়েছে একটি শিশু। তাই দেখে একজন পথচারী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গাড়ির জানালার কাচ ভেঙে শিশুটিকে উদ্ধার করে। পরক্ষণেই ভুল ভাঙে পুলিশের। এত কাণ্ড করে তারা যাকে উদ্ধার করেছে সেটি আদৌ শিশু নয়। সত্যিকারের শিশুর মতো দেখতে একটি পুতুল।সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের নটিংহামশায়ারে। ঘটনা শুনে গাড়ির মালিক আনাসটাসি ক্রিসটোফিস তো থ। একটি পুতুল উদ্ধারের জন্য পুলিশ তাঁর গাড়িটি ভেঙে ফেলেছে?নটিংহামশায়ারের একটি মাছের দোকানে কাজ করেন আনাসটাসি। তাঁর পাঁচ বছরের মেয়ে চানেল ক্রিসটোফিস স্কুলে যাওয়ার সময় পুতুলটি গাড়িতে রেখে গিয়েছিল। গাড়িটি তিনি অন্য দিনের মতো এ দিনও দোকানের বাইরে রেখেছিলেন। একজন পথচারী গাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় পুতুলটি তাঁর চোখে পড়ে। সেদিন ছিল প্রচণ্ড গরম। ওই পথচারী ভেবেছিলেন, এই গরমে শিশুটি মরে যেতে পারে। তাই তিনি পুলিশকে খবর দেন।আনাসটাসি (৩৭) জানান, ‘পুলিশ কর্মকর্তা পুতুলটি হাতে নিয়ে আমার কাছে এসে যখন জানতে চাইলেন কী হয়েছে, তখন তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তিনি বললেন, গাড়ির ভেতর আর যেন এভাবে এটিকে না রাখি।’পুলিশ কর্মকর্তা সার্জেন্ট রবার্ট হোমস বলেছেন, ‘সৎ উদ্দেশ্যেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। গাড়িচালকদের অন্তত এটুকু ভাবা উচিত যে তাঁরা গাড়িতে কী রেখে যাচ্ছেন, যা দেখে মানুষের এমন মনে হতেই পারে।’চানেল ক্রিসটোফিসের মা ভিক্টোরিয়া (২৫) গত জুনে তাঁর মেয়ের জন্মদিনে ১০০ পাউন্ডের এই রিবর্ন পুতুলটি উপহার দিয়েছিলেন। এটির নাম রাখা হয়েছে সাম।ভিক্টোরিয়া বলেন, ‘আমি বুঝতে পারি পুলিশ কেন এমনটি করেছে। এটি সত্যিই কোনো শিশু হয়ে থাকলে সবাই পুলিশকে ধন্যবাদ জানাত।’গাড়ির জানালা ভাঙায় আনাসটাসির ২০০ পাউন্ড ক্ষতি হয়েছে। অরেঞ্জ অনলাইন।