শিশুখাদ্য-সংক্রান্ত আইন পর্যালোচনার ঘোষণা নিউজিল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড শিশুখাদ্য উৎপাদন ও বিপণন-সংক্রান্ত প্রচলিত আইন ব্যাপকভাবে পর্যালোচনার কথা ঘোষণা করেছে। বিশ্ববাজারে নিউজিল্যান্ডের তৈরি শিশুখাদ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ পণ্যের বিষয়ে দেশটির সুনাম রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিউজিল্যান্ডের খাদ্যনিরাপত্তা-বিষয়কমন্ত্রী নিকি কায়ে গতকাল বৃহস্পতিবার বলেন, বার্ষিক ৪৭ কোটি মার্কিন ডলারের শিশুখাদ্য রপ্তানির বাজারে ভোক্তাদের আস্থা মজবুত করার ক্ষেত্রে ওই পর্যালোচনার সিদ্ধান্ত একটি কার্যকর পদক্ষেপ। এক বিবৃতিতে মন্ত্রী বলেন, শিশুখাদ্য রপ্তানিতে বিশেষত রপ্তানি নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ। খাদ্যের নিরাপত্তা, মান ও শুদ্ধতা নিয়ে ভোক্তাদের যথেষ্ট উদ্বেগ থাকে। দেশটির শিশু পুষ্টি সংস্থা ওই আইন পর্যালোচনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি চলতি মাসের শুরুর দিকে সতর্ক করে বলেছিল, ত্রুটিপূর্ণ বিপণনের মাধ্যমে ‘অনভিজ্ঞ’ প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে নিউজিল্যান্ডের এ পণ্যের ব্র্যান্ডকে ঝুঁকির মধ্যে ফেলছে। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধি বিশ্ববাজারে শিশুখাদ্যের চাহিদা বাড়তে সহায়তা করেছে। এএফপি।