শিশুদের ঘামে কষ্টের ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভলিন ও কার্লোস। একজনের বয়স ছয় বছর, আরেকজনের আট। দিনের ১০ ঘণ্টাই কাটে পাহাড়ে পাহাড়ে। কাজ ওদের একটিই—কফিবীজ তোলা। বিনিময়ে যে অর্থ জোটে, তা যোগ হয় পরিবারের দৈনন্দিন খরচায়।হন্ডুরাসের এমন অনেক শিশু এই মজুরের পেশায় নিয়োজিত। মা-বাবার সঙ্গে ওরাও যায় কফিখেতে। গা পোড়ানো রোদ মাথায় নিয়ে ওরা কাজ করে যায় দিনভর। এভলিনের ভাষ্য, ‘মাঝেমধ্যে দিনে সাত ঝুড়ি পর্যন্ত বীজ তুলি।’ হন্ডুরাসে সারা দিন কাজ করে একটি শিশু গড়ে ৬৬ পাউন্ড বা ৩০ কেজি পর্যন্ত কফিবীজ তুলতে পারে। এতে দিনে একজনের আয় হয় আট ডলার। কার্লোস তার আয়ের পুরোটাই মায়ের হাতে তুলে দেয়। দেশটিতে কফিবীজ তোলার মৌসুম শুরু হয় অক্টোবরে। চার মাসের এ মৌসুমে এক লাখেরও বেশি শ্রমিক বীজ তোলার কাজে নেমে পড়ে। চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে কফিবীজের দর উঠেছিল পাউন্ডপ্রতি দুই ডলার ৩৪ সেন্ট। অর্থাৎ, একটি শিশুর তোলা বীজ থেকে দিনে আয় হয় গড়ে ১৫০ ডলার।সরকারি হিসেব অনুযায়ী, কফি চাষ ও বাণিজ্যের সঙ্গে হন্ডুরাসের ১০ লাখের বেশি মানুষ যুক্ত। কফি চাষের সঙ্গে যুক্ত শ্রমিকদের একটি বড় অংশ শিশু। দেশটির আইনে অবশ্য শিশুশ্রমের ওপর কোনো বিধিনিষেধ নেই।এভলিন ও কার্লোস যে বাগানে কাজ করছে, এটির মালিক ফস্টিনো গঞ্জালেস। তিনি বলেন, ‘আমাদের কায়িক শ্রমিকের অভাব রয়েছে। শ্রমিকের অভাবে কফিবীজ তো আর পচতে দেওয়া যায় না। তাই বাধ্য হয়ে কফিবীজ তোলার কাজে শিশুদের লাগাতে হয়।’কফিখেতে কর্মরত শিশু শ্রমিকদের অধিকাংশই দরিদ্র পরিবারের। মা-বাবার আর্থিক অনটনের কারণে অনেকের পড়াশোনা বন্ধ। অনেক শিশুর একটি পোশাক পর্যন্ত জোটে না। এদেরই একজন ডারউইন (১৪)। জন্ম থেকেই দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা। ডারউইনের স্বপ্ন, কফিবীজ তুলে বড়দিনে একটি জামা কেনা।গ্লোবাল অ্যাগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক বলেছে, হন্ডুরাসের কফিশিল্প ক্রমবর্ধনশীল। ২০০৯-১০ অর্থবছরে দেশটি ৪০ লাখ বস্তা কফিবীজ উৎপাদন ও রপ্তানি করেছে; যার আনুমানিক দাম ৬১ কোটি মার্কিন ডলার। এএফপি।