শিশুদের জন্য ইন্টারনেট 'বাজে খাবারের' মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরা যাতে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় না কাটায়, সেটা মা-বাবাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের শিশুবিষয়ক কমিশনার অ্যান লংফিল্ড।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যেভাবে শিশুদের মনোযোগ এবং সময় কেড়ে নিচ্ছে, তার সমালোচনা করে লংফিল্ড বলেন, গ্রীষ্মের ছুটিতে শিশুদের ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখার দায়িত্বটা মা-বাবাকেই নিতে হবে। কারণ, শিশুরা মিষ্টি খাবারের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রলোভনে পা দিয়ে বিপদে পড়ছে। অনলাইনে তাদের কাটানো সময়টা বাজে খাবারের (জাঙ্ক ফুড) সঙ্গে তুলনীয়।

লংফিল্ড আরও বলেন, ‘ছেলে-মেয়ে সারাক্ষণ জাঙ্ক ফুড খাবে, এটা আমাদের মা-বাবাদের কেউই চান না। ঠিক তেমনিভাবে আমাদের চাওয়া উচিত না যে, সন্তান বেশি বেশি সময় অনলাইনে কাটাক।’

অফকম নামের একটি পর্যবেক্ষক সংস্থা গত বছর জানায়, যুক্তরাজ্যে ইন্টারনেট শিশুদের অবসর কাটানোর জনপ্রিয় মাধ্যম হিসেবে টেলিভিশনকে ছাড়িয়ে গেছে। সেখানকার ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুরা সপ্তাহে ১৫ ঘণ্টা ইন্টারনেটে থাকে।

চলতি বছরের শুরুর দিকে সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধের ভাষ্য, কম্পিউটার বা মুঠোফোনের যান্ত্রিক পর্দায় চোখ রেখে সীমিত পরিমাণে সময় কাটালে সেটা মানসিক সুস্থতার সহায়ক হতে পারে।