শিশুদের জোর করে দত্তক, ক্ষমা চাইছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার সরকার জোরপূর্বক দত্তক দেওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে। দেশটিতে ১৯৫০ থেকে ১৯৭০ সালের মধ্যে জন্ম নেওয়া কয়েক লাখ শিশুকে জোরপূর্বক দত্তক দেওয়া হয়। এসব শিশুর অধিকাংশের জন্ম কুমারী মায়ের গর্ভে।যুদ্ধ-পরবর্তী সময়ে বিভিন্ন ধর্মীয় গ্রুপের চাপে এসব শিশুকে জোর করে দত্তক দেওয়া হয়।অ্যাটর্নি জেনারেল নিকোলা রক্সন বলেন, ক্যানবেরায় পার্লামেন্ট হাউসে সরকার আগামী ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে। তিনি আরও বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ ও দুঃখ বুঝতে পেরেছে। তাই জাতির পক্ষে ক্ষমা চাওয়া হবে, যা হবে ক্ষতিগ্রস্তদের ক্ষত উপশমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।প্রায় সোয়া লাখ শিশুকে জোর করে দত্তক দেওয়ার ঘটনা নিয়ে সিনেট তদন্ত চালিয়েছিল। এর পরই ক্ষমা চাওয়ার এ উদ্যোগ নেওয়া হলো। তদন্ত দলের কাছে অসংখ্য মা ও শিশু তাদের সাক্ষ্য দেয়।১৯৫০ থেকে ১৯৭০ সালের মধ্যে যেসব কুমারী মা অন্তঃসত্ত্বা হতো, তাদের কোনো আত্মীয় বাড়ি অথবা চার্চ অথবা ধর্মীয় সংগঠনগুলোর পরিচালিত কোনো বাড়িতে রাখা হতো। সিনেটের তদন্তে বলা হয়, জন্মের আগেই এসব শিশুকে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হতো। আর এ ক্ষেত্রে জোর করে মায়েদের অনুমোদন দিতে বাধ্য করা হতো। এএফপি।