শিশুদের পিঠ মাড়ালেন বিজেপি নেতা

ভারতে এখন নির্বাচনের মৌসুম। আর এ সময়ই কঠিন এক বিপদে পড়েছেন গুজরাটের রাজকোটের বিজেপির প্রার্থী মোহন কুন্দরিয়া। ইন্টারনেটে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যোগব্যায়ামের এক অনুষ্ঠানে স্কুলশিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
গতকাল সোমবার দ্য হিন্দু পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত রোববার স্বামী নারায়ণ মন্দিরে আর্য সমাজ আয়োজিত সংস্কৃতি পাঠশালা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যোগব্যায়ামের একটি শিবিরে ওই বিব্রতকর ঘটনাটি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুন্দরিয়া। সেখানে ভিডিওচিত্রটি ধারণ করা হয়। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। বিব্রতকর পরিস্থিতিতে পড়েন গুজরাট বিজেপি ও দলটির ওই প্রার্থী।
ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা পাশাপাশি অবস্থান নিয়ে পিঠ পেতে মানবসেতু রচনা করেছে। বিজেপির প্রার্থী কুন্দরিয়া ওই মানবসেতুর দুই পাশে থাকা দুজনের হাত ধরে একেকজন শিক্ষার্থীর পিঠে পা ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাঁর সমর্থকদের বিজেপির পতাকা ওড়াতে দেখা যায়।
কুন্দরিয়া দাবি করেন, শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যেতে আয়োজকেরা তাঁকে বাধ্য করেছেন। শিক্ষার্থীরা যোগব্যায়ামের মাধ্যমে তাঁকে তাদের শারীরিক ও মানসিক দৃঢ়তা দেখাতে চান। এর অংশ হিসেবে তাঁকে তাদের পিঠের ওপর দিয়ে হেঁটে যেতে জোর করা হয়। পরে তিনি তা করতে বাধ্য হন।