শিশুদের শারীরিক সক্ষমতা কমছে

মা-বাবার তুলনায় শিশুদের শারীরিক ফিটনেস বা সক্ষমতা কমে আসছে। বিশ্বজুড়েই তা ঘটছে। মা-বাবারা শৈশবে যেভাবে ছুটতে পারতেন, এখনকার অনেক শিশু সেভাবে ছুটতে পারে না।
সম্প্রতি শরীর সক্ষম থাকা নিয়ে বিশ্বব্যাপী এক সমীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে। আজ বুধবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় সমীক্ষা-বিষয়ক প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
সমীক্ষায় ৪৬ বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। এতে বিশ্বের ২৮টি দেশের দুই কোটি ৫০ লাখ শিশুর তথ্য নথিবদ্ধ ছিল।
সেসব তথ্য মূল্যায়ন করে দেখা গেছে, এখনকার শিশুদের অভিভাবকেরা প্রতি মাইল পথ দৌড়ে পাড়ি দিতে পারতেন যতটা সময়ে, তাঁদের সন্তানদের তার চেয়ে গড়ে ৯০ সেকেন্ড বেশি সময় লাগে।
গবেষণায় শিশুদের দৌড়ানোর ক্ষমতা এ কারণে পরিমাপ করা হয়েছে যে, এর মাধ্যমে তাদের হূদযন্ত্রের সক্ষমতা মাপা যায়। গবেষণা অনুযায়ী, শিশুদের হূদযন্ত্রের সক্ষমতা প্রতি এক দশকে ধারাবাহিকভাবে পাঁচ শতাংশ হারে কমেছে। ৯ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে এ প্রবণতা বেশি লক্ষ করা গেছে। এর কারণ হিসেবে স্থূলতাকে দায়ী করা হচ্ছে।
পশ্চিমা দেশগুলোতে শিশুদের স্থূলতার হার বেশি। তবে এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়া, চীন ও হংকংয়েও এ সমস্যা বিদ্যমান।
ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার ‘স্কুল অব হেলথ সায়েন্সেস’-এর প্রধান গবেষক অধ্যাপক গ্র্যান্ট টমকিনসনের মতে, অল্প বয়সেই যাদের শারীরিক সক্ষমতা কম, পরবর্তী সময়ে তাদের হূদরোগের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হতে পারে। সুস্থ থাকার জন্য শিশু ও কম বয়সীদের রোজ এক ঘণ্টা করে হাঁটা, সাইকেল চালানো, দৌড়ানোর মতো শারীরিক কসরত করার পরামর্শ দিয়েছেন তিনি।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সদস্য অধ্যাপক মাইকেল গিত্জ বলেন, এমনভাবে ব্যায়াম করতে হবে, যাতে ঘাম ঝরে এবং তা হূদযন্ত্রকে আরও সবল করতে সহায়তা করে।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের সদস্য ক্রিস্টোফার অ্যালেন বলেন, শৈশব থেকে শারীরিক কসরতে অভ্যস্ত হতে পারলে পরে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব।