শিশুদের সঙ্গে নেচে দেওয়ালি উদ্যাপন করলেন ওবামা
দেওয়ালির উৎসবে ভারতবাসী মহানন্দে মেতেছে। সেই আনন্দ ছুঁয়েছে ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেলকেও। তাঁরা নেচে-গেয়ে মহা ফুর্তিতে উদ্যাপন করেছেন হিন্দুসম্প্রদায়ের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব।দেওয়ালি উপলক্ষে গতকাল রোববার মুম্বাইয়ের হলি নেম স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল পোশাকে নেচে-গেয়ে এ অনুষ্ঠান মাতিয়ে তোলে শিশুরা। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ওবামা দম্পতি। মঞ্চের পাশেই বসে শিশুদের নাচ-গান উপভোগ করেন তাঁরা। এ সময় হঠাৎ মিশেল ওবামা আসন ছেড়ে নৃত্যরত শিশুদের সঙ্গে যোগ দেন। কেবল তা-ই নয়, স্বামী ওবামাকেও মঞ্চে নিয়ে যান।অনুষ্ঠানে মিশেলের পরনে ছিল গোলাপি কার্ডিগানের সঙ্গে চৌখুপি নকশা করা পোশাক। আর ওবামা ছিলেন অনানুষ্ঠানিক পোশাকে। সাদা শার্ট পরলেও আস্তিন ছিল গোটানো। দুজনেই শিশুদের সঙ্গে তাল মিলিয়ে হাত ও বাহু দুলিয়ে ঐতিহ্যবাহীভারতীয় নাচে অংশ নেন। পরে শিশুদের দল ওবামা দম্পতির সঙ্গে ছবি তুলতে ও তাঁদের অটোগ্রাফ নেওয়ার জন্য ঘিরে ধরে। ওবামা দম্পতি হাসিমুখে তাদের আবদার মেটান।মিশেল ওবামা এ নিয়ে চলতি ভারত সফরে দুবার নাচে অংশ নিলেন। সফরের প্রথম দিনে গত শনিবার একটি দাতব্য প্রতিষ্ঠান পরিদর্শনকালে খালি পায়ে অনাথ শিশুদের সঙ্গে নাচেন তিনি। স্থানীয় চ্যানেলগুলোতে তাঁর এ নাচের দৃশ্য ফলাও করে সম্প্রচার করা হয়।গত শুক্রবার ভারতজুড়ে দেওয়ালি উৎসব উদ্যাপন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আগমন উপলক্ষে এবার বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিন দিনের সফরকালে ওবামা যেসব হোটেলে অবস্থান করবেন, সেসব হোটেলের আশপাশে আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। এএফপি।