শিশুপাচারের অভিযোগে চীনে ৬০৮ জনকে আটক
শিশুপাচারের অভিযোগে চীনে ৬০৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে ১৭৮ শিশুকেও উদ্ধার করেছে।ওয়েবসাইটে প্রকাশিত দেশটির গণনিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির ১০টি প্রদেশে প্রায় ছয় মাস ধরে শিশুপাচারকারীদের সন্ধানে অভিযান চালানো হয়। গত সপ্তাহেই ওই ৬০৮ জনকে আটক করা হয়। অভিযানে শিশুপাচারের সঙ্গে জড়িত দুটি পৃথক চক্রের কাছ থেকে ওই ১৭৮ শিশুকে উদ্ধার করা হয়। অভিযানে পাঁচ হাজার পুলিশ অংশ নেয়। আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শিশুপাচারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বড় অভিযান বলে বিবৃতিতে জানানো হয়েছে।চীনের শিশুপাচার একটি বড় ধরনের সমস্যা। দিন দিন এ সমস্যা আরও প্রকট হচ্ছে। দেশটিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের কঠোর নীতির কারণে উত্তরাধিকার হিসেবে সমাজে পুত্রসন্তানের চাহিদা বেশি। এ সুযোগে পাচারকারী চক্রগুলোর তৎপরতাও বেড়ে গেছে। দেশটিতে ছেলেশিশু অপহরণের হার বেড়ে গেছে। অন্যদিকে মেয়েশিশু হত্যা, গর্ভপাত ও জন্মের পর পরিত্যাগের হারও বেড়েছে। পাশাপাশি শ্রমিক ও পুত্রবধূ হিসেবে কাজে লাগানোর তাগিদে মেয়েশিশুও অপহূত হচ্ছে। দেশটিতে প্রতি বছর হাজার হাজার শিশু অপহূত হচ্ছে।বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার করা শিশুদের একটি এতিমখানায় রেখে পরবর্তী সময়ে যার যার পরিবারে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। রয়টার্স।