শিশুর জনপ্রিয় নামের তালিকা থেকে বাদ পড়ল এলভিস
যুক্তরাষ্ট্রে শিশুর জনপ্রিয় প্রথম এক হাজার নামের ২০১০ সালের তালিকায় স্থান পায়নি ‘এলভিস’। ১৯৫৪ সালের পর থেকে এই প্রথমবার এ তালিকা বাদ পড়ল রক অ্যান্ড রোলের রাজা খ্যাত সংগীত তারকা এলভিসের নাম। গত বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।সরকারি সংস্থা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ‘জ্যাকব’ ও ‘ইসাবেলা’ নাম দুটি ওই তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো শীর্ষে অবস্থান করছে। শীর্ষ ১০ নামের মধ্যে একমাত্র ‘এইডেন’ নতুন। ছেলে ও মেয়ে উভয় শিশুর নামের তালিকায় এটি রয়েছে।জনপ্রিয়তায় সবচেয়ে বেশি ওপরে উঠে আসা নামগুলোর একটি ‘টিয়ানা’। এটি ২০০৯ সালের ডিজনি চলচ্চিত্র দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ-এর প্রধান চরিত্র।দেখা গেছে, বিশ শতকের প্রথম থেকে মাঝামাঝি সময়কার মেয়েদের জনপ্রিয় নাম ‘ইসাবেলা’, ‘আভা’ ও ‘ক্লো’ সাম্প্রতিক বছরগুলোতে আবার জনপ্রিয়তা পেয়েছে। অর্থাৎ মায়েরা নিজেদের নানি-দাদির অনুকরণে শিশুর নাম রাখছেন।এ ছাড়া জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে ছেলেদের ‘বেন্টলি’ ও মেয়েদের ‘ম্যাসি’ নামটি। সম্ভবত এমটিভির রিয়েলিটি শো সিক্সটিন অ্যান্ড প্রেগন্যান্ট ও টিন মম-এ কিশোরী মায়ের চরিত্র ম্যাসি বুকআউট এবং তাঁর শিশুসন্তান বেন্টলির কারণে নাম দুটির জনপ্রিয়তা বেড়েছে। বিবিসি।