শিশু-কিশোরদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজুড়ে শিশু-কিশোরদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ সড়ক দুর্ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশ করা উপাত্তে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালে ১২ লাখের বেশি শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর প্রতি ১০টির প্রায় ১টি ঘটেছে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার জেরে। আর সড়কে বেশির ভাগ মৃত্যু ঘটেছে ১০ থেকে ১৯ বছর বয়সের ছেলেদের ক্ষেত্রে।
সংখ্যার দিক দিয়ে বিশ্বে শিশু-কিশোর মৃত্যুর দ্বিতীয় কারণ বুকে কোনো সংক্রমণ এবং তৃতীয় কারণ নিজের ক্ষতি (ইচ্ছাকৃত ও দুর্ঘটনাবশত আত্মহত্যা) করার মাধ্যমে। এ দুটির বেশি শিকার বালিকা ও কমবয়সী নারীরা। শিশু-কিশোর মৃত্যুর চতুর্থ ও পশ্চম কারণ যথাক্রমে ডায়রিয়া ও পানিতে ডুবে।
বিশ্বে প্রতিদিন প্রায় ৩ হাজার শিশু-কিশোরের মৃত্যু হচ্ছে। দুই-তৃতীয়াংশের বেশি ঘটেছে আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলোতে।