শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে ১৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে প্রচণ্ড শীতকালীন ঝড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, এই ঝড় আগামী কয়েক দিন ক্রমেই পূর্ব দিকে যাবে। লাখ লাখ মানুষ আগামী বৃহস্পতিবার থ্যাংকসগিভিং দিবসের ছুটি কাটাতে সড়কপথ ও বিমানে যাত্রার প্রস্তুতি নিচ্ছে—এমন সময় এ দুর্ভোগ শুরু হলো।
ঝড়কবলিত এলাকায় তুষার জমে রয়েছে। এ ছাড়া গাছের পাতা ঢেকে গেছে সাদা তুষারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবারের মধ্যে এই ঝড়ের প্রভাবে উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের অ্যাপালাশিয়ান পর্বতমালা ও নিউ ইংল্যান্ড অঞ্চলে প্রচুর তুষারপাত হতে পারে। এ ছাড়া আরও দক্ষিণে প্রবল বর্ষণের কারণে যানবাহন ও বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
অন্তত চার কোটি ৩০ লাখ মানুষ প্রিয়জনদের সঙ্গে থ্যাংকসগিভিং দিবসের ছুটির আনন্দ উপভোগ করতে বিভিন্ন জায়গায় যাতায়াত করবে। ঝড়ের কারণে তাদের যাতায়াতে সমস্যা হবে। এএফপি।