শীতে চরম ঝুঁকিতে পড়বে সিরিয়ার শরণার্থী শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দুই লাখ শরণার্থী শিশু মধ্যপ্রাচ্যের হিমশীতল তাপমাত্রায় চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় দিন কাটাচ্ছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে। দেশটির বহু পরিবার সীমান্ত পেরিয়ে তুরস্ক, জর্ডান ও লেবাননে আশ্রয় নিয়েছে।সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হওয়ার পর দেশটির অভ্যন্তরেই অন্তত ২০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়। সেভ দ্য চিলড্রেন জানায়, তাদের অনেকেই আশ্রয়হীন। তীব্র শীতে গরম জামা-কাপড় ছাড়া টিকে থাকা তাদের জন্য কঠিন হবে। বিশেষ করে, শিশু ও বৃদ্ধদের রক্ষায় ত্রাণ সরবরাহের জন্য তহবিল প্রয়োজন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে শীতকালের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে যায় এবং প্রবল বৃষ্টিপাত শুরু হয়। প্রতিবেশী দেশগুলোতে আশ্রিতদের সংখ্যা প্রায় চার লাখ। চলতি বছরের শেষ নাগাদ এ সংখ্যা সাত লাখে পৌঁছাবে বলে জাতিসংঘের বিশেষজ্ঞরা ধারণা করছেন। পর্যবেক্ষক ও বিদ্রোহী সূত্রগুলো জানায়, সিরিয়ায় গত বছর সরকারবিরোধী লড়াই শুরুর পর এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। নেদারল্যান্ডস ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তাব পায়নি: ন্যাটোর সহযোগী রাষ্ট্র তুরস্কে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধ পায়নি নেদারল্যান্ডস। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেয়ানিন হেনিস প্লাশার্ত গতকাল সোমবার এ খবর জানান। সিরিয়া সীমান্ত প্রতিরক্ষার জন্য তুরস্ক ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে চায় বলে ভিন্ন সূত্র খবর দিয়েছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গত শনিবার বলেন, ক্ষেপণাস্ত্র চেয়ে তুরস্ক অনুরোধ করলে বিবেচনা করে দেখবে ন্যাটো। যুক্তরাষ্ট্র, জার্মানি ও নেদারল্যান্ডসের কাছে ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। বিবিসি ও রয়টার্স।