শীর্ষ কমান্ডারদের নিয়ে জেনারেল কায়ানির 'শেষ বৈঠক'

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশরাফ পারভেজ কায়ানি গতকাল বুধবার ফরমেশন কমান্ডারদের বৈঠকে সভাপতিত্ব করেন। সেনাবাহিনীর প্রধান হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে কায়ানির এ ধরনের বৈঠক খুব সম্ভবত এটাই শেষ। কোর কমান্ডার, প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ফরমেশন কমান্ডারদের অংশগ্রহণে বছরে দুইবার এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পাকিস্তানে শীর্ষ সেনা কমান্ডের আসন্ন পরিবর্তন সামনে রেখে এই বৈঠক বিশেষ তাত্পর্য বহন করে।
ছয় বছর ধরে সেনাপ্রধান থাকা জেনারেল কায়ানির ২৮ নভেম্বর অবসরে যাওয়ার কথা। এ উপলক্ষে তিনি গতকালের বৈঠকে নিরাপত্তা বিষয়ে কমান্ডারদের ‘অভ্যন্তরীণ ও বাইরের নিরাপত্তা’ পরিস্থিতি বিষয়ে নির্দেশনা দেন। নতুন সেনাপ্রধান কে হচ্ছেন, তা এখনো জানা যায়নি। সরকার বলেছে, জেনারেল কায়ানির অবসর গ্রহণের দিনই নতুন সেনাপ্রধান এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে। এ দুই পদের জন্য এগিয়ে আছেন চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল রাশেদ মেহমুদ ও চিফ অব লজিস্টিক লে. জেনারেল হারুন আসলাম। নতুন কমান্ডারদের ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হতে পারে। ডন নিউজ।