
মার্কিন নজরদারি বিষয়ে জোরালোভাবে আত্মপক্ষ সমর্থন করলেন শীর্ষস্থানীয় মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। নজরদারি কেলেঙ্কারি নিয়ে একের পর এক ঘটনা প্রকাশ পাওয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার বেকায়দায় পড়লেও আইনপ্রণেতাদের সামনে গত মঙ্গলবার গোয়েন্দারা এর পক্ষেই সাফাই গাইলেন।
শীর্ষস্থানীয় মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা গত মঙ্গলবার বিকেলে ওয়াশিংটনে আইনপ্রণেতাদের সমন্বয়ে গঠিত সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেন।
জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার ওয়াশিংটনে আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, বিদেশি নেতাদের অভিযোগ মার্কিন নীতির পরিপন্থী। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর ‘নির্বিচারে’ নজরদারি করেনি।
জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান কিথ আলেক্সান্ডার কংগ্রেস সদস্যদের কাছে দাবি করেন, ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোও বিভিন্ন সময় ফোনালাপের রেকর্ড সংগ্রহ করেছে এবং সেগুলো মার্কিন গোয়েন্দাদের সঙ্গে বিনিময় করেছে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেন, ইউরোপের লাখ লাখ মানুষের ব্যক্তিগত ব্যাপারে মার্কিন গোয়েন্দাদের নজরদারির ব্যাপারে প্রকাশিত বিভিন্ন সংবাদ ‘সম্পূর্ণ মিথ্যা’।
বিশেষ করে দীর্ঘদিনের মিত্র জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতার ব্যাপারটি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনেক আগে থেকে জানতেন বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বক্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ইউরোপীয় মিত্রদের মধ্যে ফ্রান্স ও ইতালির নেতা ও জনগণের ফোনকলের ওপরও আড়ি পাতার অভিযোগ উঠেছে। এনএসএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন এ আড়ি পাতা ও নজরদারির ব্যাপারে অনেক তথ্য ফাঁস করেন। এ খবরে ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তবে আলেক্সান্ডার ও ক্ল্যাপার দাবি করেছেন, সংবাদপত্রে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনের অধিকাংশই ‘ভুল-বোঝাবুঝির ওপর ভিত্তি করে’ তৈরি করা হয়েছে।
এনএসএর প্রধান কিথ আলেক্সান্ডার বলেন, ফ্রান্স, স্পেন ও ইতালিতে এনএসএ লাখ লাখ ফোনালাপে আড়ি পেতেছে বলে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য। ইউরোপীয় নাগরিকদের কোনো তথ্য সংগ্রহ করা হয়নি। আইনপ্রণেতাদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা বরং জনগণের আরও সমালোচনা সইবেন; কিন্তু সন্ত্রাসী হামলায় প্রাণহানির সুযোগ দেবেন না।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এ সাক্ষ্যের কয়েক ঘণ্টা আগে প্রভাবশালী পত্রিকাওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ফ্রান্স ও স্পেনের গোয়েন্দা সংস্থাগুলো বিদেশে ইলেকট্রনিক মাধ্যমে নজরদারি চালিয়েছে। অনেক সময় তারা যুদ্ধক্ষেত্র থেকেও তথ্য সংগ্রহ করেছে। পরে এসব তথ্য যুক্তরাষ্ট্রের এনএসএর কাছে সরবরাহ করা হয়েছে।
ওই প্রতিবেদনের বক্তব্য সত্যি হলে ইউরোপীয় সরকারগুলো বিব্রত হতে পারে। কারণ, তারা মার্কিন নজরদারির বিরুদ্ধে কয়েক দিন ধরে কঠোর সমালোচনা করে আসছে।
জার্মানির অস্বীকার: জার্মানির পররাষ্ট্র গোয়েন্দা বিভাগের প্রধান গেরহার্ড শিন্ডলার গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশ থেকে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়নি। ওয়াশিংটন ডিসির জার্মান দূতাবাস থেকে কোনো ধরনের টেলিযোগাযোগ-গোয়েন্দা নজরদারি হয়নি।
নিরাপত্তা জোরদার করবে চীন: ইউরোপে লাখ লাখ ফোনালাপে এনএসএ আড়ি পেতেছিল বলে তথ্য প্রকাশের পর চীন এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, মার্কিন নজরদারি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো অন্য অনেক দেশের মতোই চীনও গুরুত্বসহকারে বিবেচনা করছে। এএফপি, বিবিসি ও রয়টার্স।