শীর্ষ ধনীর স্থান ফিরে পেলেন বিল গেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির স্থানটি আবারও ফিরে পেয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্বের কোটিপতিদের নিয়ে মার্কিন সাময়িকী ফোর্বস-এর তৈরি করা বার্ষিক তালিকায় এই শীর্ষস্থান দখল করেন তিনি।
গতকাল সোমবার প্রকাশিত ওই তালিকার এ বছর বিল গেটসের সম্পদের আর্থিক মূল্য প্রায় সাত হাজার ৬০০ কোটি (৭৬ বিলিয়ন) মার্কিন ডলার। গত বছর এর পরিমাণ ছিল ছয় হাজার ৭০০ কোটি (৬৭ বিলিয়ন) ডলার।
বিল গেটসের সম্পদ বেড়ে যাওয়ায় এবার মেক্সিকোর টেলিযোগাযোগ ব্যবসায়ী কার্লোস স্লিম শীর্ষ ধনীর স্থান থেকে ছিটকে দ্বিতীয় স্থানে এসেছেন। সাময়িকীর তথ্যমতে, বিল গেটস গত ২০ বছরের মধ্যে ১৫ বার তালিকার শীর্ষে ছিলেন।
ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী, এবার তারা সর্বাধিক এক হাজার ৬৪৫ জন বিলিয়নিয়ারের (শত কোটি অর্থের মালিক) সন্ধান পেয়েছে। সাময়িকীর তালিকায় শীর্ষ ২০ জনের প্রত্যেকের সম্পদের পরিমাণ ন্যূনতম তিন হাজার ১০০ কোটি (৩১ বিলিয়ন) ডলার। গত বছর এর পরিমাণ ছিল দুই হাজার ৩০০ কোটি (২৩ বিলিয়ন) ডলার। তালিকায় শীর্ষ ধনীদের মধ্যে অধিকাংশই প্রযুক্তি ব্যবসায়ী।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন এমানসিও ওর্তেগা। তাঁর সম্পদের পরিমাণ ছয় হাজার ৪০০ কোটি (৬৪ বিলিয়ন) ডলার। চতুর্থ স্থানে রয়েছেন ওয়ারেন বাফেট। তাঁর সম্পদের পরিমাণ পাঁচ হাজার ৮০০ কোটি (৫৮.২ বিলিয়ন) ডলার। বিবিসি।