বিশ্বজুড়ে দায়িত্ব পালন করতে গিয়ে গত বছর ১৩৪ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে সিরিয়ায়। লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল নিউজ সেফটি ইনস্টিটিউট (আইএনএসআই) গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য
প্রকাশ করে।
‘কিলিং দ্য মেসেঞ্জার’ শিরোনামের ওই প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ শীর্ষ পাঁচটি দেশের তালিকায় ভারত চতুর্থ ও পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বে গত বছর মোট নিহত ১৩৪ জনের মধ্যে ৬৫ জনই সহিংসতার খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হন। ৫১ জন নিহত হন অপরাধ ও দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে। বাকি ১৮ জন নিহত হন দুর্ঘটনায়।
আইএনএসআইয়ের প্রতিবেদনে জানানো হয়, সহিংসতার খবর সংগ্রহ করতে নিহত ৬৫ জনের মধ্যে সবেচেয়ে বেশি সাংবাদিক সিরিয়ায় নিহত হন। সহিংসতাকবলিত এই দেশটিতে ২০ জন সাংবাদিক নিহত হন। এর পরই আছে ইরাক। যুদ্ধবিধ্বস্ত ইরাকে ১৬ জন নিহত হন। এ ছাড়া ফিলিপাইনে ১৪ জন, ভারতে ১৩ জন ও পাকিস্তানে নয়জন সাংবাদিক নিহত হন।
প্রতিবেদনে বলা হয়, বেশির ভাগ সাংবাদিককেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৮৫ জনই গুলিতে নিহত হন, যা পরিকল্পিত হত্যার বিষয়টি অনেকটাই নিশ্চিত করে।
আইএনএসআই জানায়, সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনা ২০১২ সালের চেয়ে গত বছর কমেছে। ২০১২ সালে ১৫২ জন নিহত হয়েছিলেন। ওই বছরও সিরিয়ায় (১৮) সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হন। এর পরে ছিল সোমালিয়া (১৮), নাইজেরিয়া (১২) ও মেক্সিকো (১১)। রয়টার্স।