শীর্ষ মাওবাদী নেতাদের মাথার দাম বাড়িয়েছে ভারত সরকার
মাওবাদী শীর্ষস্থানীয় নেতাদের ধরিয়ে দিতে পুরস্কার হিসেবে অর্থের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ভারত। সম্প্রতি অর্থের পরিমাণ বাড়ানোর ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এর আগে দেওয়া ঘোষণা অনুযায়ী, মাওবাদীদের শীর্ষ নেতা গণপতিকে ধরিয়ে দিতে পারলে ২৪ লাখ রুপি পুুরস্কার ঘোষণা করা হয়। নতুন ঘোষণায় তা করা হয়েছে ৩২ লাখ রুপি। কিষেনজিকে ধরিয়ে দেওয়ার পুরস্কার ১৯ লাখ থেকে বাড়িয়ে ২৮ লাখ করা হয়েছে। প্রশান্ত বসু ওরফে কিষানদাকে ধরার পুরস্কার সাত লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৩ লাখ রুপি।অন্য নেতাদের মধ্যে কেশব রাওয়ের মাথার দাম ১৯ লাখ, কথকম সুদর্শনের ১৯ লাখ, কিষেনজির ভাই বেনু গোপাল ওরফে বিবেকের ১৯ লাখ, মিশির বেসরার সাত লাখ ও মাললা রাজ্জি রেড্ডির মাথার দাম সাত লাখ রুপি ঘোষণা করা হয়েছে।১৯৯১ সাল থেকে মাওবাদীদের শীর্ষস্থানীয় নেতা গণপতি আত্মগোপনে আছেন। কিষেনজি আত্মগোপনে আছেন ১৯৯৬ সাল থেকে। তবে বছর দেড়েক আগে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে কিষেনজি যৌথ বাহিনীর আক্রমণে আহত হন বলে খবর প্রচারিত হয়। এর পর থেকে কিষেনজি আর প্রকাশ্যে আসেননি।