তুরস্কে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাজাপ্রাপ্ত সামরিক বাহিনীর সাবেক তিন শীর্ষ কর্মকর্তার শাস্তি বহাল রাখা হয়েছে। তবে কয়েকজন নিম্নপদস্থ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার আঙ্কারার একটি আপিল আদালত এই রায় দেন।
আপিল আদালত জানিয়েছেন, বিচারে ২০ বছর কারাদণ্ড পাওয়া সাবেক সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের শাস্তি বহাল থাকবে। তবে শাস্তি পাওয়া নিম্নপদস্থ কর্মকর্তাদের সংখ্যা ৩০০ থেকে কমিয়ে ৩৪ জনে নামিয়ে এনেছেন আপিল আদালত।
দণ্ড পাওয়া সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ২০০৩ সালে প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
আপিল আদালতের রায় ঘোষণার সময় শাস্তি পাওয়া কর্মকর্তাদের প্রায় অর্ধশত স্বজন সামরিক বাহিনীর সদর দপ্তর অভিমুখে যাত্রা করেন। তাঁরা এই শাস্তির ব্যাপারে সামরিক বাহিনীর ‘নীরবতার’ প্রতিবাদ জানান।
মামলায় বলা হয়, ২০০৩ সালে সেনা, নৌ ও বিমানবাহিনীর তিন শীর্ষ কর্মকর্তা ইসলামপন্থী দলের সরকার সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। ওই পরিকল্পনা বাস্তবায়িত না হলেও ২০১০ পর্যন্ত তা আড়ালেই থেকে যায়। ২০১০ সালে তুরস্কের তারাফ সংবাদপত্র ওই ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ করে। এএফপি।