শীর্ষস্থানে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ৪০ জন প্রেসিডেন্টর মধ্যে কর্মদক্ষতার বিচারে সবার শীর্ষে রয়েছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ইংল্যান্ডের ৪৭ জন বিশেষজ্ঞ নিয়ে পরিচালিত এক জরিপ থেকে এ ফলাফল বেরিয়ে এসেছে। এবারই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়ে জরিপ করল ইংল্যান্ড।এই জরিপে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অন্তর্ভুক্ত করা হয়নি। জরিপে জর্জ ডব্লিউ বুশের অবস্থান ৩১তম। অর্থাৎ কর্মদক্ষতার বিচারে তিনি নিচের ১০ জন প্রেসিডেন্টের মধ্যে রয়েছেন।যুক্তরাষ্ট্রের ইতিহাস ও রাজনীতির ব্যাপারে বিশেষজ্ঞ এ রকম ৪৭ জন ব্রিটেনের নাগরিক এ জরিপে অংশ নেন। তাঁদের ১৭৮৯ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্বপালনকারী প্রত্যেক প্রেসিডেন্ট সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রেসিডেন্টের তালিকায় উইলিয়াম হেনরি হ্যারিসন ও জেমস গারফিল্ডও রয়েছেন। যদিও মেয়াদ শেষ করার আগেই এ দুজন মারা যান।পাঁচ ক্যাটাগরিতে ওই বিশেষজ্ঞদের প্রশ্ন করা হয়। ক্যাটাগরিগুলো হচ্ছে: বিষয়সূচি নির্বাচন, অভ্যন্তরীণ নেতৃত্ব, পররাষ্ট্রনীতিতে নেতৃত্ব, নৈতিক দৃঢ়তা ও উত্তরাধিকার বিষয়ে ইতিবাচক তাৎপর্য।জরিপে দেখা গেছে, বিষয়সূচি নির্বাচন, অভ্যন্তরীণ নেতৃত্ব ও পররাষ্ট্রনীতিতে নেতৃত্ব—এই তিন ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১৯৩৩-১৯৪৫), নৈতিক দৃঢ়তা ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন জর্জ ওয়াশিংটন (১৭৮৯-১৭৯৭)। এ ছাড়া উত্তরাধিকার বিষয়ে ইতিবাচক তাৎপর্য ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন আব্রাহাম লিংকন (১৮৬১-১৮৬৫)। ১৯৬০ সালের পর থেকে এ পর্যন্ত যে কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন, তাঁদের মধ্যে কেবল রোনাল্ড রিগ্যানই (১৯৮১-১৯৮৯) এই জরিপের শীর্ষ দশে রয়েছেন। জরিপে তাঁর অবস্থান অষ্টম।জরিপে টমাস জেফারসনের (১৮০১-১৮০৯) অবস্থান চতুর্থ, অ্যান্ড্রু জ্যাকসন (১৮২৯-১৮৩৭) নবম। এ ছাড়া জরিপে জন এফ কেনেডি (১৯৬১-১৯৬৩) ১৫তম এবং বিল ক্লিনটন (১৯৯৩-২০০১) ১৯তম অবস্থানে রয়েছেন। বিবিসি।