শীলা দীক্ষিতের ভাগ্য ঝুলে থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীলা দীক্ষিত
শীলা দীক্ষিত

ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তড়িঘড়ি করে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে কেরালার রাজ্যপাল নিযুক্ত করলেন। এই সিদ্ধান্তের ফলে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির তদন্তের আওতা থেকে তিনি অব্যাহতি পেলেও তাঁর ভাগ্য নির্ধারিত হবে নির্বাচনের ফলের ওপর। কারণ, কেন্দ্রে সরকার বদল হলে তিনি যে রাজ্যপাল পদে থাকবেনই, তার কোনো নিশ্চয়তা নেই। তাঁকে সরানো হলে তদন্তের মুখোমুখি হতেই হবে।

নির্বাচনী তফসিল ঘোষণা হলে রাজ্যপাল বদল করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিতে পারত না। তাই শীলাকে কেরালার রাজ্যপাল নিযুক্তির সিদ্ধান্তের বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি ভবন গতকাল বুধবার ভোর তিনটায় জারি করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষিত হয়। কিন্তু তা সত্ত্বেও বিতর্ক এড়ানো গেল না। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল সরাসরি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, শীলাকে রাজ্যপাল নিযুক্ত করে কংগ্রেস তাঁকে তদন্তের হাত থেকে বাঁচাতে চেয়েছে।

কমনওয়েলথ গেমসে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি শীলা দীক্ষিতের দিল্লি সরকারও চাপে রয়েছে। কংগ্রেস নেতা সুরেশ কালমাডি জেলও খেটেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল শীলা দীক্ষিতের বিরুদ্ধে এফআইআর দাখিল করেন। কেজরিওয়াল ইস্তফা দেওয়ার পর দিল্লিতে রাষ্ট্রপতির শাসন জারি হয়।

সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী, কোনো রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চালানো যায় না। আদালত কোনো রাজ্যপালকে গ্রেপ্তারের নির্দেশও দিতে পারেন না। কেজরিওয়ালের অভিযোগ, গেমস কেলেঙ্কারির তদন্তের হাত থেকে রক্ষা করতেই শীলাকে কংগ্রেস সরকার তাড়াহুড়ো করে রাজ্যপাল করে দিল।

তবে এতে শীলার বিপদ কাটছে না। লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে সরকারের বদল ঘটলে তিনি যে রাজ্যপাল পদে আসীন থাকবেনই, তার কোনো গ্যারান্টি নেই। ইউপিএ সরকার ২০০৪ সালে ক্ষমতায় আসার পর এনডিএ আমলে নিযুক্ত ছয়জন রাজ্যপালকে সরে যেতে বলেছিল। চারজন ইস্তফা দিতে রাজি না হওয়ায় তাঁদের বরখাস্ত করা হয়েছিল। শীলার ভাগ্যেও তেমন ঘটতে পারে। রাজ্যপাল না থাকলে তদন্তের আওতার বাইরেও থাকতে পারবেন না শীলা।