শুনানি শেষ শিলাইয়ের কঠোর শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) থেকে বহিষ্কৃত একসময়ের প্রভাবশালী নেতা বো শিলাইয়ের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি শেষ হয়েছে। গতকাল সোমবার পাঁচ দিনের শুনানি শেষ হয়। শুনানি শেষে সরকারি কৌঁসুলিরা তাঁর কঠোর শাস্তির দাবি করেন।চীনের পূর্বাঞ্চলীয় শিনান শহরের ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে শুনানি শেষ হয়েছে। এখন এই মামলার রায় ঘোষণার অপেক্ষা। তবে কবে রায় ঘোষণা করা হবে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। দক্ষিণ চীনের চংকিং শহর শাখা সিপিসির সাবেক প্রধান বো শিলাইয়ের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ৪৪ লাখ ১০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণের অর্থ নেওয়াসহ অন্যান্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শানদা প্রদেশের শিনান শহরে গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে বিচার শুরু হয়।প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, দুই দিনে শুনানি শেষ হবে। কিন্তু প্রথম দিনের শুনানি চলাকালে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বো শিলাই আদালতকে বলেন, এসব অভিযোগ বানোয়াট। শেষ পর্যন্ত তিনি কিছু কিছু দায়িত্ব স্বীকার করলেও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশপ্রধান তাঁকে দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরতে চাইছেন। কারণ, তাঁর স্ত্রী গু কাইলাইয়ের সঙ্গে ওই পুলিশপ্রধানের অনৈতিক সম্পর্ক ছিল। শুনানি চলাকালে কোনো বিদেশি গণমাধ্যমকর্মীকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি। নিরপেক্ষ উৎস থেকে এই মামলাসংক্রান্ত কোনো তথ্য জানা সম্ভব নয়। তবে বিশ্লেষকদের ধারণা, বো শিলাই দোষী সাব্যস্ত হবেন এবং তাঁর কারাদণ্ড হবে। এএফপি।