পপতারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুর ঘটনায় তাঁর ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের বিরুদ্ধে করা হত্যা মামলার অভিযোগের শুনানি গত বৃহস্পতিবার শেষ হয়েছে। চিকিৎসক মারের ভাগ্য এখন আদালতের জুরির হাতে। চিকিৎসক মারের বিরুদ্ধে অভিযোগ, তিনি জ্যাকসনকে অতিমাত্রায় চেতনানাশক প্রোপোফল দিয়েছিলেন। এ কারণেই পপতারকার মৃত্যু হয়। এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে চিকিৎসক মারের সর্বোচ্চ চার বছরের কারাদণ্ডের আদেশ হতে পারে। একই সঙ্গে তাঁর চিকিৎসা সেবা দেওয়ার অনুমতি বাতিল হতে পারে।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আদালতে গত ছয় সপ্তাহ ধরে চলা মামলায় চিকিৎসক মারের পক্ষ ও বিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক গত বৃহস্পতিবার শেষ করেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় আদালতের জুরির রায় ঘোষণা করার কথা। ধারণা করা হচ্ছে, বিচারকেরা তড়িঘড়ি করে মারের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ডের যে অভিযোগ এনেছেন, শুধু সে বিষয়ে রায় দিতে পারেন।শুনানির শেষ দিন গত বৃহস্পতিবার জ্যাকসনের মা ও তাঁর সন্তানেরা আদালতে উপস্থিত ছিলেন। ২০০৯ সালের ২৫ জুন জ্যাকসন তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মারা যান। এএফপি ও বিবিসি।