শুনানিতে হাজির হননি ইংলাক
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তাঁর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগের শুনানিতে হাজির হননি। গতকাল বৃহস্পতিবার তিনি সেই শুনানিতে অংশ নিতে নিজের আইনজীবীদের একটি দলকে জাতীয় দুর্নীতি দমন কমিশনে (এনএসিসি) পাঠান।
এদিকে ইংলাকবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। ইংলাকের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে তাঁকে টেলিভিশনে সরাসরি বিতর্কে নামার আমন্ত্রণ জানান সরকারবিরোধী আন্দোলনের প্রধান নেতা সুথেপ থাগসুবান। ব্যাংককে বিক্ষোভ সমাবেশে সমর্থকদের উদ্দেশে থাগসুবান বলেন, যেকোনো স্থানে ইংলাকের সঙ্গে সরাসরি টেলিভিশন বিতর্কে অংশ নিতে তিনি রাজি।
ইংলাকের বিরুদ্ধে চালে ভর্তুকি দেওয়ার একটি প্রকল্প বাস্তবায়নে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। ওই অভিযোগে বলা হয়, প্রকল্প বাস্তবায়নে বিশ্ববাজার মূল্যের চেয়ে ৫০ শতাংশ বেশি দামে কৃষকের কাছ থেকে চাল কেনা হয়েছে। তাই ওই প্রকল্পের তহবিল শূন্য হয়ে পড়ে।
ইংলাকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি রাজনীতিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।
ইংলাক অভিযোগের শুনানিতে হাজির হতে পারেন—এমন খবরে তাঁর তিন শতাধিক সমর্থক ব্যাংককে এনএসিসি ভবনের সামনে হাজির হন। তাঁরা ইংলাকের পক্ষে নানা স্লোগান দেন। ভবনের নিরাপত্তায় সেখানে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। তবে আগের দিন বুধবার থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং রাইয়ে গেছেন ইংলাক। তাই গতকাল তিনি এনএসিসির প্যানেলের সামনে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে আইনজীবীদের একটি দল ওই প্যানেলের সামনে হাজির হয়।
ইংলাক শুরু থেকেই দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি অভিযোগ তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। বিবিসি ও রয়টার্স।