প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রার শুরুতেই মুখ থুবড়ে পড়েছে যুক্তরাজ্যের নতুন সংবাদপত্র দ্য নিউ ডে। গত ৩০ বছরের মধ্যে যুক্তরাজ্যের বাজারে আসা এটিই প্রথম কোনো নতুন দৈনিক। ইন্টারনেটের এই যুগেও কাগুজে সংবাদপত্র বেঁচে থাকতে পারে, তা প্রমাণের ঘোষণা দিয়ে বাজারে এসেছিল পত্রিকাটি। কিন্তু গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এর মালিক প্রতিষ্ঠান ট্রিনিটি মিরর গ্রুপ জানিয়েছে, আজ শুক্রবার দি নিউ ডে-এর সর্বশেষ সংখ্যা প্রকাশ হবে। যে সময়টায় যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেনডেন্ট ডেইলি ও দ্য ইন্ডিপেনডেন্ট অন সানডের মতো পত্রিকা কাগুজে সংস্করণ বন্ধ করে অনলাইনে ঠাঁই নিচ্ছে, ঠিক সে সময়েই গত ২৯ ফেব্রুয়ারি বাজারে আসে দ্য নিউ ডে। দুই মাস পার না হতেই বাস্তবতা আঁচ করতে শুরু করে পরিচালনা পর্ষদ। সম্পাদক এলিসন ফিলিপস কর্মীদের লিখেছেন, ‘আমরা সব চেষ্টাই করেছি। কিন্তু লক্ষ্য অর্জন হয়নি।’