শেনঝু-৯ হাতে চালিয়ে সফলভাবে তিয়ানগং-১-এ ভেড়ালেন নভোচারীরা
চীনা নভোচারীরা গতকাল রোববার প্রথমবারের মতো সাফল্যের সঙ্গে ম্যানুয়ালি অর্থাৎ হাতে চালিয়ে একটি মহাকাশযানকে কক্ষপথে থাকা একটি গবেষণাকেন্দ্রের সঙ্গে যুক্ত করতে পেরেছেন। এর মধ্য দিয়ে দেশটি মহাকাশ স্টেশনের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। সপ্তাহ খানেক আগে একজন নারী নভোচারীসহ চীনের মনুষ্যবাহী মহাকাশযান শেনঝু-৯ স্বয়ংক্রিয়ভাবে তিয়ানগং-১ গবেষণাকেন্দ্রে ভিড়েছিল। চীনের মহাকাশ অভিযানের নিয়ন্ত্রণে থাকা কেন্দ্র গতকাল রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে জানায়, ‘নভোচারীরা নিজেরাই মহাকাশযানটিকে চালিয়ে সফলভাবে তিয়ানগং-১-এ ভিড়েছেন। এ জন্য প্রখ্যাত নভোচারী লিউ ওয়াং একটি বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন।’চীনের মনুষ্যবাহী মহাকাশ অভিযান কার্যালয়ের কর্মকর্তা ঝাং লিয়ান জানান, নভোচারীরা নিখুঁতভাবে এ অভিযান সম্পন্ন করেছেন। এবারের অভিযান গত সপ্তাহের স্বয়ংক্রিয় অভিযানের চেয়েও নিখুঁত ছিল।চীন ২০২০ সালের মধ্যে একটি মহাকাশ স্টেশন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে ১৩ দিনের এই মিশন পরিচালনা করা হচ্ছে। গতকাল চীনের মনুষ্যবাহী একটি ডুবোযান প্রশান্ত মহাসাগরের সাত হাজার মিটারের বেশি গভীরে মারিয়ানা ট্রেঞ্চে যাওয়ার রেকর্ড গড়েছে। একই দিন গণমাধ্যমে সফল মহাকাশ অভিযানের খবরও এল।গত ১৮ জুন পৃথিবীকে আবর্তন করতে থাকা গবেষণাকেন্দ্র তিয়ানগং-১-এর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয় শেনঝু-৯ মহাকাশযান। গতকাল হাতে চালিয়ে শেনঝু-৯-কে তিয়ানগং-১-এর সঙ্গে যুক্ত করার কয়েক ঘণ্টা আগে যান দুটি আলাদা হয়ে যায়। পৃথিবীকে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার গতিতে আবর্তন করতে থাকা গবেষণাকেন্দ্রের সঙ্গে হাতে চালিয়ে আরেকটি যানকে যুক্ত করা খুবই ঝুঁকিপূর্ণ। অভিযানের সময় সামান্য ভুল হলে দুটি যানই ধ্বংস হতে পারে। তাই এ ধরনের অভিযান অত্যন্ত দক্ষভাবে ও সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হয়। এএফপি ও বিবিসি।