শেষ চুল্লি বন্ধ করে দিচ্ছে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সক্রিয় থাকা শেষ পারমাণবিক চুল্লিটিও বন্ধ করে দিচ্ছে জাপান। এর ফলে ৪০ বছরেরও বেশি সময় পর জাপান এই প্রথম পারমাণবিক বিদ্যুৎহীন দেশে পরিণত হতে যাচ্ছে। অথচ গত বছর পর্যন্ত জাপানের বিদ্যুতের মোট চাহিদার ৩০ শতাংশ আসত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে।সর্বশেষ পারমাণবিক চুল্লি বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গতকাল শনিবার শত শত মানুষ টোকিওতে শোভাযাত্রা করেছে। এতে অংশ নেওয়া মানুষের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘বিদায়, পারমাণবিক বিদ্যুৎ’। উৎফুল্ল মানুষ বলেছে, সর্বশেষ চুল্লিটি বন্ধের মাধ্যমে জাপানে পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ উৎপাদনের অবসান ঘটেছে।শোভাযাত্রার আয়োজক মাসাও কিমুরা বলেন, ‘আজকের (শনিবার) দিনটি একটি প্রতীকী দিন। এখন আমরা প্রমাণ করতে পেরেছি, পারমাণবিক শক্তি ছাড়াই আমরা বেঁচে থাকতে সক্ষম।’শোভাযাত্রায় অংশ নেওয়া বৌদ্ধ ভিক্ষুদের পোশাক পরিহিত ওত বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করা অপরাধমূলক কর্মকাণ্ডের শামিল। কেননা, এখনো বহু লোক দুর্ভোগ পোহাচ্ছে। আমরা যদি এই অবস্থা চলতে দিই, তাহলে আরেকটি দুর্ঘটনা ঘটবে।’জাপানের হোক্কাইডো ইলেকট্রিক পাওয়ার কোম্পানি পরিচালিত ‘তোমারি’ পারমাণবিক চুল্লি বন্ধের প্রক্রিয়া গতকাল থেকে শুরু করেছেন প্রকৌশলীরা। কাল সোমবারের মধ্যে চুল্লিটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।হোক্কাইডো ইলেকট্রিক পাওয়ার কোম্পানির মুখপাত্র তোমোহিকো শিবুয়া বলেন, চুল্লির ৩ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।২০১১ সালের মার্চ মাসে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির কারণে জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ছয়টি ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুনামির আঘাতে চুল্লির শীতলীকরণ ব্যবস্থা অকার্যকর হয়ে যাওয়ায় চারটি ইউনিটে বিস্ফোরণ ঘটে। এর ফলে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকার হাজার হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়। গত ২৫ বছরের মধ্যে এটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা।এ দুর্ঘটনার পর থেকে পুরোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেয় জাপান। রক্ষণাবেক্ষণের জন্য কিছু কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার জন্য জাপানজুড়ে প্রবল জনমত তৈরি হয়। এদিকে এক এক করে সব কটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জাপান বিদ্যুৎ ঘাটতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও গত সপ্তাহে জাপান সরকার নতুন করে ‘ওআই’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। তবে নতুন করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করার জন্য এখন থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছ থেকে অনুমোদন লাগবে। একই সঙ্গে কেন্দ্রটি জাপানের যে এলাকায় অবস্থিত, ওই এলাকার স্থানীয় মানুষের সম্মতি লাগবে। বিবিসি, এএফপি।