
যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর নেতারা গতকাল বুধবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটিয়েছেন। ভোটারদের পক্ষে টানতে দিয়েছেন নানা প্রতিশ্রুতি, দেখিয়েছেন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। তুলে ধরেন নিজেদের এবং দলের নীতি-আদর্শ। আজ বৃহস্পতিবার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খবর এএফপির।
নির্বাচনী প্রচার অভিযান চলাকালে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, পাঁচ বছর আগের তুলনায় দেশ এখন অনেক বেশি শক্তিশালী। তবে আরও অনেক কিছু করার আছে। আর বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড কঠোর পরিশ্রমের পুরস্কার দিতে জনগণকে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা নিক ক্লেগ প্রতিশ্রুতি দিয়েছেন দেশে ‘স্থিতিশীলতা’ প্রতিষ্ঠার।
সাউথ ওয়েলস থেকে গতকাল নির্বাচনী প্রচারণা শুরু করেন ক্যামেরন। এরপর তিনি উত্তর পশ্চিমাঞ্চল, স্কটল্যান্ড ও মিডল্যান্ডের উদ্দেশে রওনা হন। মিলিব্যান্ড প্রচারণা চালান কনজারভেটিভের দখলে থাকা উত্তরাঞ্চলীয় একটি প্রান্তিক আসনে।
লিবারেল ডেমোক্র্যাটের নেতা উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ল্যান্ডস ইন্ড থেকে স্কটিশ সাংবিধানিক আসন জন ও’গ্রোটসের দিকে যাত্রা শুরু করেন। ওই আসনে তাঁর দল জয় পাবে বলে তিনি আশা করছেন। তিনি বলেছেন, এই নির্বাচনে ভারসাম্যহীন ছোট দলগুলো যদি সরকার গঠন করে, তবে চলতি বছরেই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
আর গতকাল সংবাদপত্র টাইমস-এ প্রকাশিত এক লেখায় ক্যামেরন বলেন, ‘ব্রিটেনের ভবিষ্যৎ এখন ছুরির-আগায়। আমরা যদি ছিটকে পড়ি, তবে তা হবে হৃদয়বিদারক এবং আমাদের পাঁচ বছরের কঠোর পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে।’
এককভাবে ক্ষমতায় যেতে ক্যামেরন ও মিলিব্যান্ড ৬৫০ আসনের হাউস অব কমনসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্যই লড়াইয়ে ব্যস্ত থাকলেও ছোট দলগুলোর সঙ্গে জোট গঠনের জন্যও তাঁদের মনোযোগ ক্রমবর্ধমান হারে বাড়ছে। এ লক্ষ্যে তাঁরা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ক্লেগের লিবারেল ডেমোক্র্যাটসের সঙ্গে পুনরায় জোট গঠনের ক্ষেত্রে ক্যামেরনের কনজারভেটিভ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই দুটি দল ২০১০ সালের নির্বাচনের পর জোট সরকার গঠন করে।
যদিও মিলিব্যান্ড স্বাধীনতাপন্থী স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি বাতিল করেছেন, তবু ধারণা করা হচ্ছে, এখনো এসএনপি লেবারের পাশে এসে দাঁড়াবে। এসএনপি বলেছে, তারা কনজারভেটিভের সরকার গঠনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।
একটা বিষয় নিশ্চিত যে এসএনপি সম্ভবত এই নির্বাচনে বড় কিছু অর্জন করবে। তারা স্কটল্যান্ডের বেশির ভাগ আসন নিয়ে নেবে। ফলে যুক্তরাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্কটল্যান্ডের স্বাধীনতার দ্বারপ্রান্তে চলে আসার সম্ভাবনাও তৈরি হবে।