শেষ দিনেও যেখানে টিকে থাকবে বীজ

সুমেরু বৃত্তের বরফজমাট তুন্দ্রা অঞ্চলে পাহাড়ের নিচে অবস্থিত বিশ্বের বীজ সংরক্ষণাগার ‘স্বালবার্ড গ্লোবাল সিড ভল্ট’। পৃথিবীর শেষ দিন পর্যন্ত বীজ সংরক্ষণের লক্ষ্যে এটি নির্মাণ করা হয়। এই ভল্ট সম্পর্কে আমাদের খুব কমই জানা ছিল। সম্প্রতি সাইবার প্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ড এই বীজ সংরক্ষণাগার নিয়ে ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেছে।
এই বীজ সংরক্ষণাগারের কর্মকর্তারা একে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্ষ’ বলতে পছন্দ করেন। কারণ, পাহাড় কেটে তৈরি করা ৪০০ ফুট দীর্ঘ এই সংরক্ষণাগার মানবজাতির শেষ আশা জিইয়ে রাখতে পারে। কোনো বৈশ্বিক দুর্যোগে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য ধ্বংস হয়ে গেলেও এই ভল্টে থেকে যাবে খাদ্যশস্যের বীজের নমুনা।
এ ছাড়া জলবায়ুর পরিবর্তনের কারণে কোনো অঞ্চলের খাদ্যশস্য যদি টিকে থাকতে ব্যর্থ হয়, তবে গবেষণার মাধ্যমে সংরক্ষণাগারে থাকা ওই খাদ্যশস্যের বীজের জিনগত পরিবর্তন ঘটিয়ে তা পরিবর্তিত জলবায়ু-সহিষ্ণু করে তোলা সম্ভব হতে পারে। কারণ, এই ভল্ট কেবল বীজ সংরক্ষণই করে না। এটি ফসলের উন্নতি ঘটানোর কাজও করছে।
ভল্টের জেনেটিক গবেষকেরা বার্লি, ধান, গমসহ প্রধান প্রধান নানা জাতের হাজার হাজার খাদ্যশস্য নিয়ে গবেষণা করছেন। বর্তমানে টিকে থাকা ফসল, যাতে ভবিষ্যতে বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে, সে জন্য তারা জিনগত পরিবর্তনের চেষ্টা করছেন।
স্বালবার্ড বৈশ্বিক বীজ ভল্টে এখন নয় লাখ নমুনা রয়েছে। এই সংরক্ষণাগারটি বিভিন্ন জাতের ৪০ লাখ ফসলের আড়াই শ কোটি বীজ সংরক্ষণ করতে সক্ষম।
বিশ্বের সব দেশ থেকেই নমুনা সংরক্ষণাগারে দেওয়া হয়েছে। এখানে রাশিয়া ও ইউক্রেনের ফসলের বীজের নমুনা রয়েছে পাশাপাশি। বিশ্বের দেশগুলোর মধ্যে সম্পর্ক যাই থাকুক না কেন এখানে কোনো ভেদাভেদ নেই। এমনকি বিচ্ছিন্নতা-প্রবণ উত্তর কোরিয়া সরকারও এখানে তাদের মূল্যবান ফসলের বীজ সংরক্ষণের জন্য পাঠিয়েছে। কারণ, সম্ভবত এই যে স্বালবার্ড বিশ্বের সংঘাতময় এলাকা থেকে অনেক অনেক দূরে অবস্থিত। স্বালবার্ড দ্বীপপুঞ্জ নরওয়ের অংশ হলেও এটা সুমেরু বৃত্তের কাছাকাছি।

সংরক্ষণাগারের সমন্বয়কারী অ্যাসমন্ড আসডল বলেন, ‘স্বালবার্ড একটি নিরাপদ জায়গা। এটি পারমাফ্রস্টের (বরফজমাট মাটি) মধ্যে অবস্থিত। কাজেই এটা হিমায়িত স্থান। কৃত্রিম হিমায়িতকরণ প্রযুক্তি ব্যর্থ হলেও এখানে কোনো সমস্যা হবে না। এ ছাড়া এটি বিশ্বের সব সংঘাতময় এলাকা থেকে বাইরে অবস্থিত।’
ভবিষ্যৎ মানব-প্রজন্মের জন্য উদ্ভিদের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে এই সংরক্ষণাগার। গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ার আলেপ্পোর বীজ ব্যাংক যখন ধ্বংসের উপক্রম হয়ে গিয়েছিল, তখন সেখানকার বীজ স্বালবার্ডে পাঠিয়ে দেওয়া হয়। এখন সেগুলো এই বীজ সংরক্ষণাগারে রাখা হয়েছে। এখন এই সংরক্ষণাগারে অনেক ফাঁকা জায়গা আছে। সেই জায়গা মানবতার কল্যাণের জন্য নিবেদিত।