শেষ প্রচারণায় কর্মসংস্থান নিয়ে পাল্টাপাল্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তিন দিন আগে গত শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা ওহাইও অঙ্গরাজ্যে এবং মিট রমনি উইসকনসিন অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছেন। নির্বাচনের আগ মুহূর্তে প্রচারণার জন্য মূলত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোকেই বেছে নিয়েছেন দুই প্রতিদ্বন্দ্বী ওবামা ও রমনি।জনমত জরিপকারী প্রতিষ্ঠান রিয়াল ক্লিয়ার পলিটিক্সের জরিপে দেখা যায়, ওহাইও অঙ্গরাজ্যে জনমতের দিক থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওবামা প্রতিদ্বন্দ্বী রমনির চেয়ে প্রায় দুই শতাংশ এগিয়ে রয়েছেন। এই অঙ্গরাজ্যে ওবামার প্রতি ৪৮ দশমিক ছয় শতাংশের সমর্থন রয়েছে। রিপাবলিকান পার্টির প্রার্থী রমনির প্রতি সমর্থন রয়েছে ৪৬ দশমিক সাত শতাংশ। গত শুক্রবার এই অঙ্গরাজ্যে প্রচারণা চালাতে গিয়ে গত মাসে বিপুলসংখ্যক কর্মসংস্থান সৃষ্টির কৃতিত্ব দাবি করে ওবামা বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই উন্নতি করতে পেরেছি। তার প্রমাণ গত মাসেই নতুন করে এক লাখ ৭১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’ওহাইও অঙ্গরাজ্যে মোটরশিল্পে বিশেষ প্রণোদনা দেয় ওবামা সরকার। এখানে প্রতি আটজন চাকরিজীবীর মধ্যে একজন মোটরশিল্পে কাজ করেন। নির্বাচনে ওবামা এর ইতিবাচক ফল পাবেন বলে দাবি করছেন ওবামার উপদেষ্টারা। উপদেষ্টা ডেভিড প্লাউফি বলেন, ‘মোটরশিল্পে প্রণোদনা ওহাইও অঙ্গরাজ্যে আমাদের অবস্থানকে শক্তিশালী করেছে। আশা করছি, নির্বাচনে আমরা এর ফলও পাব।’তবে বিভিন্ন সময়ে ওবামার এই প্রণোদনার বিরোধিতা করেছেন রমনি। ওবামা বলেন, ‘আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু এটা কোনো খেলা নয়। জনগণের জীবিকা ও কর্মসংস্থান এর সঙ্গে জড়িত।’রমনি গত শুক্রবার আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে প্রচারণা চালান। রিয়াল ক্লিয়ার পলিটিক্সের জরিপে এই অঙ্গরাজ্যেও জনসমর্থনে দুই শতাংশের কিছু বেশি ব্যবধানে এগিয়ে আছেন ওবামা। তাঁর প্রতি ৪৯ দশমিক তিন শতাংশের সমর্থন রয়েছে। রমনির প্রতি রয়েছে ৪৭ শতাংশের সমর্থন। এই অঙ্গরাজ্যে প্রচারণায় মিলওয়াকি এলাকায় ভোটারদের উদ্দেশে রমনি বলেন, ‘প্রশ্ন হলো আপনারা কি একই অবস্থায় থাকতে চান, নাকি প্রকৃত অর্থেই পরিবর্তন চান?’ ওবামার সমালোচনা করে তিনি বলেন, ওবামা যে ব্যর্থ নেতা, তার প্রমাণ তিনি জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন। ওবামা নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি করলেও আগের চেয়ে বেকারত্বের হার বৃদ্ধির ব্যাপারে কিছুই বলছেন না। বিবিসি, আল-জাজিরা।