শেষ বিতর্কে ওবামার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় ও শেষ বিতর্কে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা। বিতর্কে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির চেয়ে আক্রমণাত্মক ছিলেন তিনি। বিতর্ক শেষ হওয়ার পর তাৎক্ষণিক দুটি জরিপে এ তথ্য উঠে এসেছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা রাটোন এলাকায় লিন বিশ্ববিদ্যালয়ে ৯০ মিনিটের এই বিতর্কের সঞ্চালক ছিলেন সিবিএসের সাংবাদিক বব শিফার। বিশ্বের বর্তমান বাস্তবতায় বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ওবামা ও রমনি। বিতর্কের সিংহভাগ জুড়েই ইরান, মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের উত্থান, আফগানিস্তান-পাকিস্তান প্রসঙ্গ ছিল। উভয় প্রার্থীই ইসরায়েলের কে কতটা খাঁটি বন্ধু তা প্রমাণ করার আপ্রাণ চেষ্টাও করেন বিতর্কে। পরিবর্তনশীল বিশ্ব বাস্তবতায় রাষ্ট্র হিসেবে চীনের শক্তি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র আগামী দিনে চীনকে কীভাবে মোকাবিলা করবে তা-ও উঠে আসে বিতর্কে। বিতর্কের শুরুতেই ভ্রান্ত পররাষ্ট্রনীতির অনুসারী আখ্যা দিয়ে রমনিকে আক্রমণ করেন ওবামা। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে রমনি বারবার অবস্থান পরিবর্তন করছেন বলেও অভিযোগ তোলেন ওবামা। তিনি বলেন, ‘বিভ্রান্তি ও দায়িত্বজ্ঞানহীনতার বদলে আমাদের শক্তিশালী স্থির নেতৃত্বের প্রয়োজন।’ জবাবে মিট রমনি সিরিয়াসহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থরক্ষায় ওবামার ব্যর্থতার কথা তুলে ধরেন। রমনি বলেন, ‘ব্যক্তিগত আক্রমণ নয়, আলোচনা হচ্ছে পররাষ্ট্রনীতি বিষয়ে। আমরা আরেকটি ইরাক বা আফগানিস্তান চাই না।’ বিতর্কের একপর্যায়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে অপসারণের পক্ষে কথা বলেন রমনি। ওবামার পররাষ্ট্রনীতি দুর্বল বলে অভিযোগ করেন তিনি। ওবামা অভিযোগ করেন, রমনি বিশ্ব রাজনীতি নিয়ে আশির দশকের চিন্তাধারায় আচ্ছন্ন। ২০ বছর আগে রাশিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধের অবসান হয়েছে। তাঁর এমন ভ্রান্ত এবং দুর্বল ভাবাদর্শের নীতি যুক্তরাষ্ট্রের শক্তিমত্তার পরিচয় হতে পারে না। যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা ব্যয় হ্রাসের সমালোচনা করেন রমনি। গত প্রায় চার বছরে মার্কিন নৌবাহিনীতে জাহাজের সংখ্যা রেকর্ডসংখ্যক কমেছে বলে অভিযোগ করেন তিনি। এর জবাবে ওবামা বলেন, রমনি সময় করে নিরাপত্তার আধুনিক বিষয়গুলো একটু ঘেঁটে নিতে পারেন। নিরাপত্তা বাহিনীতে কিন্তু এখন ঘোড়ার সংখ্যাও কমেছে। কারণ, যুদ্ধের কৌশল পাল্টেছে, এখন নতুন ধরনের যুদ্ধজাহাজ ব্যবহূত হচ্ছে। রমনি চীনের বিরুদ্ধে অভিযোগ করেন, দেশটি মুদ্রা জালিয়াতি করছে। ব্যবসা-বাণিজ্যে কোনো নিয়মই মানছে না। চীনের কারণে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। জবাবে ওবামা বলেন, চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আইনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। অন্যদের মতো নিয়ম মেনে বাণিজ্য করার জন্য চীনকে বাধ্য করা হচ্ছে।বিতর্কের পর সিবিএস নিউজের তাৎক্ষণিক জরিপে দেখে গেছে, ৫৩ শতাংশ মার্কিন মনে করেন, বিতর্কে ওবামা জয়ী হয়েছেন। রমনির জয়ের পক্ষে মত দিয়েছেন মাত্র ২৩ শতাংশ। অন্যদিকে সিএনএনের জরিপের ফলাফল বলছে, ৪৮ শতাংশ ভোটার মনে করেন ওবামা জয়ী হয়েছেন। ৪০ শতাংশ মত দিয়েছেন রমনির পক্ষে। চীনের আহ্বান: ওবামা ও রমনিকে চীন সম্পর্কে উত্তেজনাকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। গতকাল মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের যে দলেরই রাজনীতিক হোন কেন, তাঁদের উচিত বেইজিং-ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে সহায়তা করা। দুই দেশের জন্যই এবং আঞ্চলিক ও বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য এটা প্রয়োজন।