শেষ বিতর্কের আগে কথার লড়াইয়ে ওবামা-রমনি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনি তৃতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কাল সোমবার ফ্লোরিডায় এ বিতর্ক হবে। এর আগে নির্বাচনী প্রচারণায় কথার লড়াই চালাচ্ছেন তাঁরা।এদিকে মর্যাদাকর আন্তর্জাতিক জরিপ প্রতিষ্ঠান গ্যালাপের জরিপে দেখা যায়, রিপাবলিকান পার্টির প্রার্থী রমনি তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ওবামার চেয়ে ৬ শতাংশের ব্যবধানে এগিয়ে গেছেন। প্রথম দিকে রিপাবলিকানরা জরিপের সমালোচনা করলেও এখন ডেমোক্র্যাটরাও সমালোচনা শুরু করেছেন।ওবামা ক্যাম্প ডেভিডে ও রমনি ফ্লোরিডায় অবস্থান করছেন। গত বৃহস্পতিবার নিউইয়র্কের একটি নৈশভোজে অংশ নিয়ে দুই প্রার্থীই হালকা মেজাজে সময় কাটান। এরপর নির্বাচনী প্রচারণায় গিয়ে আবারও পরস্পরকে আক্রমণ করে বক্তৃতা শুরু করেন। ওয়াশিংটনের অদূরে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাবেশে ওবামা বলেন, ‘আমার মনে হয়, রমনি খুব দ্রুত তাঁর অবস্থানের পরিবর্তন করছেন। তাঁর এই মানসিকতার একটি নাম পেয়েছি আমরা, তা হলো “রমনেশিয়া”।’ ওবামার ওই সমাবেশে প্রায় নয় হাজার কর্মী-সমর্থক অংশ নেন।ওবামার শিবির রমনির করনীতির সমালোচনা করে দরিদ্রদের বন্ধু রবিন হুড চরিত্রের বিপরীত ‘রমনি হুড’ নীতি বলে আখ্যা দেয়।রমনি ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কাল সোমবার এখানে লিন ইউনিভার্সিটিতে শেষ বিতর্কে তিনি ওবামার মুখোমুখি হবেন। প্রায় সাড়ে আট হাজার মানুষের সমাবেশ তিনি বলেন, ‘আমরা ছোটখাটো আক্রমণ ও কথার খেলা কমিয়ে দিয়েছি। যুক্তরাষ্ট্র অনেক বড় দেশ; এখানে অনেক বড় বড় সুযোগ ও চ্যালেঞ্জ রয়েছে। সেসব বাদ দিয়ে ওবামা ছোট ছোট বিষয় নিয়ে কথা বলছেন।’ রমনি বলেন, ওবামার সামনে কার্যকর কোনো লক্ষ্য ও উদ্দেশ্য নেই। তা হলে কেন তিনি দ্বিতীয় মেয়াদে জিততে চান। গ্যালাপের জরিপের ফলে দেখা যায়, এ মুহূর্তে নির্বাচন হলে রমনি ওবামার চেয়ে ৬ শতাংশ ভোট বেশি পেয়ে নির্বাচিত হবেন। চলতি সপ্তাহের শুরুতে ওই জরিপের ফল ঘোষণা করা হয়। গ্যালাপের জরিপকে অনেক বেশি গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়। ১৯৩৬ সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জরিপে মাত্র তিনবার ছাড়া প্রতিবারই গ্যালাপের সর্বশেষ জরিপের ফল সঠিক হয়েছে। তাই এই জরিপের ফলকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এএফপি ও রয়টার্স।