শেষ ভরসা কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে চাচাতো বোনের স্বামীর হাতে ধর্ষণের শিকার হন গুলনাজ (২১)। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আফগানিস্তানের প্রচলিত আইন অনুযায়ী, ধর্ষকের পাশাপাশি ব্যভিচারের দায়ে তাঁকেও কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দুই বছর ধরে কারাবাসকারী গুলনাজ সম্প্রতি প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করেছেন।আফগান এ নারীর আইনজীবীর প্রত্যাশা, এর মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন হতে পারে। গুলনাজ কারাগারেই একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তাঁকে প্রথমে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। পরে এক আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাজা বাড়িয়ে ১২ বছর করা হয়। কিন্তু পাল্টা আপিলের পর গত সপ্তাহে সাজা কমিয়ে আবার তিন বছর নির্ধারণ করা হয়।আদালত রায়ে আরও বলেছিলেন, ধর্ষককে বিয়ে করলে গুলনাজের সাজা মওকুফ হয়ে যাবে। কিন্তু পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়।গুলনাজ অবশেষে তাঁর শাস্তি মওকুফের জন্য প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে আবেদন করেছেন। তাঁর আইনজীবী আশা করছেন, গুলনাজের এই পদক্ষেপ আফগানিস্তানে এ ধরনের অন্যায়ের শিকার অন্য নারীদের কাছে একটা আইনি দৃষ্টান্ত স্থাপন করবে।গুলনাজের ওপর বৈষম্যমূলক ওই শাস্তি সারা বিশ্বের নজর কেড়েছিল। মানবাধিকারকর্মীরা আফগানিস্তানের এ-সংক্রান্ত বিতর্কিত আইনের কড়া সমালোচনা করে এর সংশোধন দাবি করেন।গুলনাজের ঘটনা আফগানিস্তানের নারীসমাজের অসহায়ত্বের মাত্রাটাই তুলে ধরে। কট্টরপন্থী তালেবান শাসনের ১০ বছর কেটে গেলেও দেশটির রক্ষণশীল মনোভাবে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তালেবানের সময় আফগান নারীরা প্রায় সব ধরনের কাজ ও শিক্ষা থেকে ছিল বঞ্চিত।এদিকে ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে। ন্যাটো জোটের বাহিনীর অবস্থানকালে দেশটিতে কিছুটা স্থিতিশীলতা থাকলেও তারা চলে গেলে সেই অবস্থা টিকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে খোদ আফগানরা। সে ক্ষেত্রে নারীদেরই খেসারত দিতে হতে পারে সবচেয়ে বেশি।গুলনাজের আইনজীবী কিম্বারলি মোটলি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, প্রেসিডেন্ট কারজাই ক্ষমার আবেদনটি গ্রহণ করলে তা দৃষ্টান্ত স্থাপন করবে। এর মধ্য দিয়ে নারীসংক্রান্ত আইনের সাংঘর্ষিক ধারাগুলো বাতিল ও আফগান নারীদের প্রতি প্রেসিডেন্টের সমর্থন ফুটে উঠবে।’গুলনাজের আইনজীবী সাজা মওকুফের আবেদনটির পক্ষে প্রায় পাঁচ হাজার স্বাক্ষর সংগ্রহ করে গত রোববার প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছে দেন। আবেদনে সই করা একজন তাঁর মন্তব্যে লিখেছেন, ‘গোটা বিশ্ব বিষয়টি দেখছে। প্রতিটি শিষ্ট মানুষ এটিসহ এ ধরনের বিভিন্ন অবিচারে নিদারুণ বিরক্ত হবে, যখন কিনা শুধু নারী হওয়ার কারণে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগীকে শাস্তি দেওয়া হয়।’ রয়টার্স।