শেষ মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী
ইরাকে মার্কিন বাহিনীর সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী। মার্কিন বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের ইরাক অভিযান সমাপ্তি ঘোষণার এক দিন পর গতকাল শুক্রবার ঘাঁটির নিয়ন্ত্রণ ইরাকি বাহিনীর হাতে ছেড়ে দিল।চলতি মাসের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে মার্কিন সরকার। এর আগের চূড়ান্ত পদক্ষেপ নাসিরিয়া শহরের উপকণ্ঠের ইমাম আলী ঘাঁটির দায়িত্ব হস্তান্তর।ইমাম আলী ঘাঁটিতে থাকত ১৫ হাজার মার্কিন সেনা। গতকাল আনুষ্ঠানিকভাবে ওই ঘাঁটির দায়িত্ব তুলে দেওয়া হয় ইরাকি কর্মকর্তা হোসেন আল-আসাদির হাতে। এখন থেকে ইমাম আলী ঘাঁটি ব্যবহার করবে ইরাকি বিমানবাহিনী। আসাদি বলেন, ‘আজ আমরা গর্বের সঙ্গে ইরাকি জনগণের জন্য ঘোষণা দিচ্ছি, মার্কিন বাহিনীর সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ আমরা নিজেদের হাতে নিলাম। দখলদারির সর্বশেষ পৃষ্ঠা আজ আমরা উল্টে ফেললাম।’ গত বৃহস্পতিবার বাগদাদ বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ইরাক অভিযান সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। ২০০৩ সালে ওই স্থান দখলের মধ্য দিয়েই মার্কিন বাহিনীর ইরাকে দখলদারি শুরু হয়েছিল। এএফপি।