শেষ মুহূর্তের প্রচারণায় নিরাপত্তাই প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের প্রচারণার মধ্যেই মাত্র ১২ দিনের ব্যবধানে দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার বিষয়টিকে বেশ জোরালোভাবে সামনে নিয়ে এসেছে। তাই শেষ মুহূর্তের প্রচারণায় প্রধান প্রধান দলগুলো জাতীয় নিরাপত্তার প্রশ্নে একে অন্যের দুর্বলতা খুঁজে ঘায়েল করতেই ব্যস্ত।
আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে আগাম সাধারণ নির্বাচন। দেশটির পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) বাস্তবায়ন প্রশ্নে নিজের ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে প্রধানমন্ত্রী থেরেসা মে হুট করেই মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেন।
শুরু থেকেই ক্ষমতাসীনরা বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে একজন দুর্বল ও দেশ চালাতে অক্ষম নেতা হিসেবে আক্রমণ করে আসছেন। কিন্তু গত আড়াই মাসে তিনটি সন্ত্রাসী হামলার পর জেরেমি করবিন পাল্টা আক্রমণে। তিনি বলছেন, গত সাত বছরে ক্ষমতাসীনেরা পুলিশের বাজেট কাটার কারণে পুলিশ সদস্য প্রায় ২০ হাজার কমে গেছে। তহবিল ঘাটতির কারণে সন্ত্রাসবাদের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় রসদ পুলিশের হাতে নেই। এ জন্য প্রধানমন্ত্রী থেরেসা মেকে তিনি সরাসরি দায়ী করেন। কারণ, প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনিই ২০১০ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
লিবারেল ডেমোক্র্যাটস (লিবডেম), এসএনপি, গ্রিন পার্টিসহ অন্য দলগুলোও থেরেসা মের তত্ত্বাবধানে পুলিশের সংখ্যা কমার তীব্র সমালোচনা করছে।
প্রধানমন্ত্রী থেরেসা মে আত্মপক্ষ সমর্থনে বলছেন, তাঁরা উগ্রবাদ দমনে পুলিশের ক্ষমতা বাড়িয়েছেন।
যুক্তরাজ্যে জঙ্গি তৎপরতায় বিদেশি তহবিল ও সমর্থন তদন্তের প্রতিবেদন প্রকাশ না করা নিয়েও চাপে পড়েছেন থেরেসা মে। সিরিয়ায় বোমা হামলা চালাতে তৎকালীন কোয়ালিশন সরকারের অংশীদার লিবডেমের সমর্থন আদায়ের বিনিময়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে ওই তদন্তের নির্দেশ দিয়েছিলেন রক্ষণশীল দলেরই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ওই প্রতিবেদনে ব্রিটিশ অস্ত্রের অন্যতম ক্রেতা সৌদি আরব ও কাতার সম্পর্কে স্পর্শকাতর তথ্য থাকায় তা আজও প্রকাশ করা হয়নি। লেবার নেতা জেরেমি করবিন ওই প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন।