শেষ রক্ষায় মধুচন্দ্রিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালি একশিঙা গন্ডার ওরা। একটির নাম কাঞ্চা, অন্যটির কাঞ্চি। একটি মাদি, অন্যটি পুরুষ। বড় হওয়ার পর থেকে কাঠমান্ডুর জাওয়ালাখেলে কেন্দ্রীয় চিড়িয়াখানায় একসঙ্গে অনেক দিন ধরে আছে ওরা। কিন্তু বংশবৃদ্ধির কোনো লক্ষণ নেই। এতে চিন্তিত চিড়িয়াখানার কর্মকর্তারা। এই গন্ডারের অস্তিত্ব বিপন্ন বলে ওদের সংখ্যা বাড়ানো খুব জরুরি। বৈরী পরিস্থিতির সঙ্গে লড়ে নেপালে এখন মাত্র ৪৩৫টি গন্ডার টিকে আছে। কাঞ্চা ও কাঞ্চির বংশ না বাড়ানোর কারণ খতিয়ে দেখেন চিড়িয়াখানার ব্যবস্থাপক সারিতা জনাওয়াল। তিনি টের পেলেন, চিড়িয়াখানার যে ছোট পরিসরে গন্ডার দুটিকে রাখা হয়েছে, এই পরিবেশ ওদের প্রজননে উৎসাহ জোগাচ্ছে না। কাঞ্চা ও কাঞ্চির বাস করার জন্য আরও খোলামেলা জায়গার ব্যবস্থা করা হলো। এতে যোগ হয়েছে গন্ডারের থাকার উপযোগী আরও বুনো পরিবেশ। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, অধিক সহায়ক নতুন পরিবেশে কাঞ্চা ও কাঞ্চির অবস্থান হবে মধুচন্দ্রিমা যাপনের মতো। সারিতা বলেন, ‘এর আগে আমরা অনুকূল পরিবেশ তৈরি করতে পারিনি বলে কাঞ্চা ও কাঞ্চি কখনও পরস্পরের সান্নিধ্যে আসেনি। এবারের পরিবেশ ওদের বংশ বাড়াতে উৎসাহ জোগাবে বলে আশা করছি।’ টেলিগ্রাফ।