শেষ সময়ে ছিল অটোপাইলটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরে ধ্বংস হওয়ার সময় মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজটির প্রকৃত অবস্থা নিয়ে আগে যা ভাবা হয়েছিল, তা ঠিক নয়৷ খুব সম্ভবত উড়োজাহাজটি ওই সময় অটোপাইলটে (স্বয়ংক্রিয় চলন) চলছিল বলে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন৷ একই সঙ্গে উড়োজাহাজের তল্লাশিকাজের নতুন ধাপ শুরুর ঘোষণা করেছে। চিহ্নিত করেছে তল্লাশির নতুন এলাকা। খবর রয়টার্স ও বিবিসির৷
বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে গত ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে চীনের বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই নিখোঁজ হয়। ওই ঘটনার ১০০ দিনের বেশি পার হওয়ার পর শেষ সময়ে উড়োজাহাজটির প্রকৃত অবস্থা নিয়ে নতুন তথ্য এল৷
তদন্তকারীরা বলছেন, তাঁদের কাছে যৎসামান্যই তথ্য-উপাত্ত রয়েছে৷ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মনে হচ্ছে, উড়োজাহাজটি ইচ্ছাকৃতভাবেই গতিপথ পাল্টে নিয়েছে৷ নির্ধারিত গন্তব্যের বাইরে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর সেটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়।
অস্ট্রেলিয়ার নেতৃত্বে চালানো তল্লাশি অভিযানকালে পাওয়া কিছু শব্দতরঙ্গ (পিংস) থেকে সম্ভাব্য ধ্বংসস্থলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়৷ শুরুতে যে এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল, তার একটি অংশে পাওয়া ওই শব্দতরঙ্গ নিখোঁজ উড়োজাহাজের ব্ল্যাকবক্স রেকর্ডারের বলে ধারণা করা হচ্ছিল৷ গত এপ্রিলে তল্লািশ এলাকাও কমানো হয়েছিল। তবে এক মাস পর কর্মকর্তারা বুঝতে পারেন, অস্ট্রেলিয়ার উপকূল থেকে এক হাজার মাইল দূরের ওই এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ নেই৷ ফলে তল্লাশি এলাকা আবার বাড়াতে হবে বলে তাঁরা ইঙ্গিত দেন৷
অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস ক্যানবেরায় সাংবাদিকদের বলেন, ‘নতুন যে এলাকার ওপর জোর দেওয়া হচ্ছে, সেই এলাকায় উড়োজাহাজটির সঙ্গে স্যাটেলাইটের সর্বশেষ যোগাযোগ হয়েছিল৷ আমরা এখন চক্রাকার এলাকাটি বরাবর আরও দক্ষিণের একটি এলাকায় মনোযোগ সরিয়ে নিচ্ছি৷’
ট্রাস জানান, স্যাটেলাইট ও প্রাথমিক রাডার তথ্যগুলো নতুন করে বিশ্লেষণ এবং গতিপথ পাল্টে দক্ষিণে রওনা হওয়ার পর উড়োজাহাজটির কর্মক্ষমতার সীমাবদ্ধতার বিষয় পর্যালোচনার পর নতুন এলাকায় তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি বলেন, ‘উড়োজাহাজটি অটোপাইলটে চলার সম্ভাবনাই বেশি৷ তা না হলে উড়োজাহাজটি সোজা পথে চলেছে বলে স্যাটেলাইট চিত্রে যেমনটা শনাক্ত হয়েছে, সেটি কোনোভাবেই সম্ভব হতো না৷’
তল্লাশিকাজের পরবর্তী ধাপ আগামী আগস্টে শুরু হবে বলে আশা করা হচ্ছে; চলবে এক বছর৷ এর আওতায় ৬০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি করা হবে, যাতে খরচ ধরা হয়েছে পাঁচ কোটি ৬০ লাখ মার্কিন ডলার৷ অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে প্রায় দুই হাজার কিলোমিটার পশ্চিমে অবস্থিত এলাকায় বেশির ভাগ সময়ই ঝড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় তল্লাশিকাজ বেশ কঠিন হবে৷
নতুন তল্লাশি এলাকার সমুদ্রতলের অবস্থা নির্ণয় করতে এখন কাজ করছে দুটি জাহাজ৷ এর মধ্যে একটি চীনা এবং অন্যটি ডাচ কোম্পানির জাহাজ৷ ওই এলাকার কিছু অংশে সাগরের গভীরতা পাঁচ হাজার মিটারের বেশি৷