শেষ ১৮ দিন সম্পদ সুরক্ষার কাজে ব্যস্ত ছিলেন মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতা ছেড়ে দেওয়ার আগের শেষ ১৮ দিন তাঁর বিপুল পরিমাণ সম্পদ সুরক্ষার কাজে ব্যস্ত ছিলেন হোসনি মোবারক। তাঁর শাসনের বিরুদ্ধে মিসরের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসার পর থেকে তিনি এ-প্রক্রিয়া শুরু করেন। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো এ কথা জানিয়েছে। হোসনি মোবারক রাষ্ট্রক্ষমতায় ছিলেন ৩০ বছর। এ সময় তিনি চার হাজার কোটি পাউন্ডের বেশি সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিপুল এই সম্পদ লন্ডন, নিউইয়র্ক, প্যারিস ও বেভারলি হিলসের ব্যাংক হিসাবসহ নানাভাবে গচ্ছিত আছে।পশ্চিমা একটি গোয়েন্দা সূত্র দাবি করেছে, কয়েক সপ্তাহের মধ্যেই মোবারক তাঁর যাবতীয় সম্পদ বিদেশের ব্যাংকে সরিয়ে নিয়েছেন। সূত্রটি জানায়, ‘সম্পদগুলো কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সাম্প্রতিক জরুরি কিছু কথোপকথনের ব্যাপারে আমরা সচেতন আছি। আমাদের ধারণা, তাঁদের পারিবারিক উপদেষ্টা কিছু অর্থ বিভিন্ন দেশে সরিয়ে নিয়েছেন।’ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের পক্ষ থেকে নির্বাচিত বেসামরিক সরকারের কাছে পর্যায়ক্রমে ক্ষমতা হস্তান্তর করার অঙ্গীকারের পর মোবারকের বিপুল পরিমাণ সম্পদের তথ্যটি ফাঁস হয়। সামরিক কাউন্সিল এখনো নির্বাচন অনুষ্ঠানের কোনো তারিখ ঘোষণা করেনি। তারা অবশ্য ইসরায়েলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গোয়েন্দা সূত্র ইঙ্গিত দিয়ে বলেছে, গামাল মোবারকের মাধ্যমে করা ব্যবসায়িক লেনদেনের খোঁজ পেলে মোবারকের সম্পদের হিসাব খুব সহজেই পাওয়া যেতে পারে। রয়টার্স।